Dallas Tragedy: আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে প্রাণ গেল হায়দরাবাদের দম্পতি ও দুই সন্তানের
আমেরিকার টেক্সাস রাজ্যের ডালাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ওই দম্পতি ও তাঁদের দুই সন্তানের।
Truth of Bengal: ছুটি কাটাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন হায়দরাবাদের এক যুবক। কিন্তু সেই ভ্রমণই হয়ে উঠল মর্মান্তিক পরিণতি। আমেরিকার টেক্সাস রাজ্যের ডালাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ওই দম্পতি ও তাঁদের দুই সন্তানের। সোমবার ডালাসের গ্রিন কাউন্টির কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম শ্রীভেঙ্কট ও তেজস্বিনী। হায়দরাবাদের বাসিন্দা ওই দম্পতি তাঁদের দুই শিশুসন্তানকে নিয়ে সম্প্রতি ছুটি কাটাতে আমেরিকা গিয়েছিলেন। পরিবারটি গত সপ্তাহে আমেরিকাবাসী আত্মীয়দের সঙ্গে দেখা করতে আটলান্টা গিয়েছিল। সেখান থেকে সোমবার ডালাসে ফিরছিলেন তাঁরা (Dallas Tragedy)।
আরও পড়ুন:Shailjanand Mukherjee: সাহিত্য ও চলচ্চিত্রে অনন্য ব্যক্তিত্ব শৈলজানন্দ মুখোপাধ্যায়
ফেরার পথে একটি ট্রাক হঠাৎ করেই বেপরোয়া গতিতে তাঁদের গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে, মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গাড়িটিতে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভিতরেই আটকে পড়েন ওই চারজন। সেখানেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় পরিবারের প্রত্যেক সদস্যের। আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, পরিবারের গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। নিহতদের দেহ চেনারও উপায় নেই, কারণ দেহগুলি আগুনে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে। উদ্ধার করা দেহাংশ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে, তারপরেই দেহ হস্তান্তর করা হবে তাঁদের আত্মীয়দের হাতে। খবর পাঠানো হয়েছে ভারতের সংশ্লিষ্ট পরিজনদের কাছেও (Dallas Tragedy)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমেরিকায় প্রবাসী ভারতীয়দের দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। ২০২৪ সালে সেপ্টেম্বরেও ডালাসের কাছেই এক পথদুর্ঘটনায় প্রাণ হারান চার ভারতীয় নাগরিক—আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শেখ, লোকেশ পালাচারলা ও দর্শিনী বাসুদেবন। ওই সময়েও একটি দ্রুতগামী ট্রাক তাঁদের গাড়িকে পেছন থেকে ধাক্কা মারলে গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া, গত অগস্ট মাসেও টেক্সাসে একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারান এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি ও তাঁদের কন্যা। তাঁদের একমাত্র পুত্র কোনওক্রমে প্রাণে বাঁচেন। এই মর্মান্তিক ঘটনার পর ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে। সেই ঘটনার পর বছর ঘুরতে না ঘুরতেই ফের একই ধরনের দুর্ঘটনা ঘটল ডালাসে (Dallas Tragedy)।






