Bengal Monsoon: দক্ষিণবঙ্গে বর্ষার দাপট, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা
South Bengal sees major temperature drop as monsoon begins. IMD forecasts heavy showers and cool winds across major districts.
Truth Of Bengal: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা (Bengal Monsoon)। ইতিমধ্যেই রাজ্য জুড়ে সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। এই পরিস্থিতি আগামী কয়েকদিন জারি থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
[আরও পড়ুন: Wednesday Horoscope: বুধে বদলাবে ভাগ্যরেখা? পড়ুন আজকের রাশিফল]
বুধবার রাজ্যের বহু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনায় (Bengal Monsoon)।
রাজ্যের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতি ও শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তারপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
এই বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সপ্তাহ জুড়ে সর্বোচ্চ ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গেও সাময়িকভাবে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা গরমের থেকে কিছুটা স্বস্তি এনে দেবে রাজ্যবাসীকে।
উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ। জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি, কিছু অঞ্চলে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে (Bengal Monsoon)।






