রাজ্যের খবর

ফারাক্কায় চুরির অভিযোগে গণপিটুনি, মৃত যুবক

Youth thrashed for theft in Farakka, dead

Truth Of Bengal : মুর্শিদাবাদের ফারাক্কায় গণপিটুনিতে ২৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম করিম শেখ।  চুরির অভিযোগে তাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের বাড়ি ফারাক্কা ব্লকের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের মধ্য মহাদেবনগর এলাকায়। করিম পেশায় দিনমজুর ছিলেন।

মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার আনন্দ রায় জানান, “এ রকম একটা ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েছে কি না, তা খোঁজ নিয়ে দেখছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাতে কয়েক দিন ধরে চুরির ঘটনা ঘটছিল, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল। রবিবার ভোর ৪টার দিকে গোপালনগরের একটি বাড়িতে ঢুকে চুরির অভিযোগ উঠেছিল করিমের বিরুদ্ধে। এর পর প্রতিবেশীরা তাঁকে ধরে মারধর করেন বলে অভিযোগ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে করিমকে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে তার মৃত্যু হয়। কিন্তু করিমের পরিবার এই চুরির অভিযোগ অস্বীকার করেছে। মৃতের আত্মীয় জব্বর শেখ বলেন, “আমার ভাইপো কখনও চুরি করতে পারে না। যদি এমন কিছু ঘটে থাকে, তবে তার জন্য আইন আছে। বিনা বিচারে এভাবে কাউকে পিটিয়ে মারা উচিত নয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।”

পুলিশ সূত্রে জানা গেছে, এই গণপিটুনির ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে শান্তি ফেরাতে পুলিশের কার্যক্রম জোরদার করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

Related Articles