বসন্তের আবহে গ্রীষ্মের ছোঁয়া! শীতের বিদায়? বাড়ছে তাপমাত্রা
আগামী কয়েক দিনে এই তাপমাত্রা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
Truth Of Bengal: ফাল্গুনের শুরুতেই রাজ্যে থাবা বসাতে শুরু করেছে গরম। ভোরের দিকে সামান্য শিরশিরানি থাকলেও বেলা গড়াতেই রোদের তেজে শীতের আমেজ উধাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
গত বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পার করেছিল। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের দাপট আরও বেশি; বিশেষ করে পুরুলিয়া জেলায় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আগামী চার দিনে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমান-সহ সমস্ত জেলাতেই তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে।
আগামী শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। উপকূলীয় জেলাগুলিতে তা ১৭ থেকে ১৯ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। তাপপ্রবাহের পরিস্থিতি না থাকলেও হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে দুই মেদিনীপুর-সহ কিছু জেলায়।
উত্তরবঙ্গেও তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারের মতো জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্থিতিশীল থাকলেও কুয়াশার দাপট বজায় থাকতে পারে।
এদিকে, আলিপুর আবহাওয়া দফতর নজর রাখছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া একটি নিম্নচাপ বলয়ের দিকে। এটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে এই নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টি হবে না কি তাপমাত্রা আরও বাড়বে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি হাওয়া অফিস।






