অজয় নদের তীরে নয়া প্রজাতির উদ্ভিদের খোঁজ! ‘খেবলা’ নাম দিলেন গবেষকরা
two professors of birbhum find new species of plant
Truth Of Bengal: নতুন প্রজাতির উদ্ভিদের খোঁজ মিলল বীরভূমে। এই নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছিলেন দুই অধ্যাপক। শিম জাতীয় গাছের ঠিক কত ধরণের প্রজাতি আছে, তা নিয়ে গবেষণ করছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক আদানি লোখো ও সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক শামিম আলম। এই নতুন প্রজাতির উদ্ভিদের নাম তাঁরা রেখেছেন ‘খেবলা’। গাছটিতে প্রচুর কাঁটা, তাই এমন নাম রেখেছেন বলে জানান গবেষকরা।
শুরুটাই হয়েছিল স্যাম্পল সংগ্রহ দিয়ে। অজয় নদের তীরে তাঁরা স্যাম্পল সংগ্রহের চেষ্টা করছিলেন। চার বছর আগে সেখানেই প্রথম বার তাঁদের চোখে পড়ে খেজুর গাছে পেঁচিয়ে থাকা এক লতানে গাছ। তারপরেই খোঁজখবর শুরু করেন দুজন।
চার বছর ধরে গভীর পর্যবেক্ষণের পরে তাঁরা নিশ্চিত হন এটি নতুন প্রজাতির একটি উদ্ভিদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্ভিদবিদ্যা বিষয়ক জার্নাল ‘ফাইটোট্যাক্সা’য় প্রকাশিত হয়েছে বীরভূমের দুই অধ্যাপকের অনুসন্ধানে উঠে আসা ওই নতুন প্রজাতির লতানে গাছের বিষয়।
দীর্ঘ চার বছর ধরে গাছটির ওপর নজর রেখেছিলেন তাঁরা। পাতা ঝরা, পাতা গজানো থেকে শুরু করে গাছটির বৈচিত্র, পাতার বৈশিষ্ট্য সহ বিভিন্ন পর্যবেক্ষণ চলতে থাকে। এর পরেই বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বসেন দুই গবেষক। তারপর তা ‘ফাইটোট্যাক্সা’ জার্নালের দফতরে পাঠিয়ে দেন তাঁরা। কিছু দিন পর সেটি প্রকাশিত হয়।
প্রসঙ্গত, বিশ্বের নামী গবেষকরা এই জার্নালে নিজেদের নাম দেখার জন্য অপেক্ষা করেন। সেখানে বীরভূমের দুই গবেষকের নাম উঠে আসায় গর্বিত বীরভূম জেলার শিক্ষামহল।






