অন্ধকারে পরপর গুলি তৃণমূল নেতাকে, চাঞ্চল্য কুলতলীতে
লোডশেডিং হওয়ার পর ঘাসফুল শিবিরের সেই নেতাকে লক্ষ্য করে একের পর এক গুলি করা হয়।
Truth Of Bengal: ভোটমুখী বাংলায় ফের আক্রান্ত শাসকদল তৃণমূল কংগ্রেসের এক নেতা। এবারের ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলী। (kultoli) লোডশেডিং হওয়ার পর ঘাসফুল শিবিরের সেই নেতাকে লক্ষ্য করে একের পর এক গুলি করা হয়। এখানেই শেষ নয়, ছোড়া হয় বোমাও। ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত তৃণমূল নেতা এই মুহূর্তে ভর্তি হাসপাতালে।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা নাগাদ তৃণমূল নেতা সেলিম চা খাচ্ছিলেন দোকানে বসে। আচমকা বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকার হয়ে যায় গোটা এলাকা। তখনই হামলা চালায় কয়েকজন দুষ্কৃতি। পরপর গুলি করার পাশাপাশি বোমা ফাটানো হয়। শাসক শিবিরের সেই আহত নেতাকে তড়িঘড়ি এক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুক ও পিঠে তিনি চরম আঘাত পেয়েছেন বলে খবর।(kultoli)
খবর পাওয়ামাত্রই সেখানে আসে এক বড় পুলিশবাহিনী। তাদের তরফ থেকে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। তদন্ত শুরু করেছে তারা। তাদের প্রাথমিক অনুমান, পুরো পরিকল্পনার সঙ্গে হামলাটি করা হয়েছে এবং এতে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। তবে নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আক্রান্ত তৃণমূল নেতা সেলিমের বয়ান রেকর্ড করার সঙ্গে অন্যান্য প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।(kultoli)
ঘটনার পর থেকে এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। অধিকাংশ স্থানীয়রাই জানিয়েছেন যে এমন বীভৎস হামলার সাক্ষী তাঁরা আগে কখনও হননি ব্যস্ত বাজারে এলাকায় সন্ধ্যার সময়ে। যদিও পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে হামলাকারী দুষ্কৃতিদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হবে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পুলিশ জানার চেষ্টা করছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত।




