Rajarhat Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা রাজারহাটে! যাত্রীবোঝাই বাস উল্টে খালে, আহত ৫০ জনেরও বেশি
ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫০ জনেরও বেশি যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে রাজারহাট থানার পুলিশ রেজওয়ানী হাসপাতালে পাঠানো হয়েছে।
Truth of Bengal: শুক্রবার সকালেই রাজারহাটে ঘটল ভয়াবহ বাস দুর্ঘটনা। অফিস টাইমের ব্যস্ত মুহূর্তে যাত্রীবোঝাই একটি বাস খালে উল্টে পড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫০ জনেরও বেশি যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে রাজারহাট থানার পুলিশ রেজওয়ানী হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় কয়েকজন যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অফিস টাইমের ব্যস্ত মুহূর্তে যাত্রীবোঝাই একটি বাস খালে উল্টে পড়ে যায়। pic.twitter.com/05ff2BkUK4
— TOB DIGITAL (@DigitalTob) November 7, 2025
প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন সকালে বেড়াচাঁপা থেকে চাকলা করুণাময়ী রুটের একটি যাত্রীবাহী বাস খড়িবাড়ি হয়ে রাজারহাটের দিকে যাচ্ছিল। সেই সময় চালক অতিরিক্ত গতিতে বাস চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরই যাত্রীবোঝাই বাসটি খড়িবাড়ি-হাড়োয়া এলাকার একটি খালে পড়ে যায়। হঠাৎ এই দুর্ঘটনায় চিৎকার-চেঁচামেচিতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে রাজারহাট থানার পুলিশ উদ্ধারকাজে যুক্ত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাসটি তোলার চেষ্টা চলছে।
স্থানীয়দের বক্তব্য, বাসটিতে সকালবেলায় বহু অফিসগামী যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে রাজারহাট-খড়িবাড়ি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে প্রাথমিক অনুমান অতিরিক্ত গতিই এই বিপর্যয়ের মূল কারণ।






