কলকাতারাজ্যের খবর

Kolkata Winter: আর ক’দিনের অপেক্ষা! দক্ষিণবঙ্গে নামছে কাঙ্ক্ষিত শীতের আমেজ

আবহাওয়াবিদদের মতে, আর কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে পড়বে কাঙ্ক্ষিত শীত।

Truth of Bengal: কলকাতাসহ দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত শীতের প্রকৃত রূপ দেখা না গেলেও, শহরের সকাল ও রাতের হালকা ঠান্ডা আবহ মানুষকে শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে। ভোরের দিকে হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে, যা উপভোগ করছেন শহরবাসী। শীতপ্রেমীরা অবশ্য ইতিমধ্যেই চলতি মরশুমে কনকনে ঠান্ডার অপেক্ষায় দিন গুনছেন। আবহাওয়াবিদদের মতে, আর কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে পড়বে কাঙ্ক্ষিত শীত।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিক থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। আগামী সপ্তাহের মাঝামাঝি, অর্থাৎ বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। নতুন করে যদি কোনও বড় আবহাওয়া সিস্টেম তৈরি না হয়, তবে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এতে শীতের আগমন আরও সহজতর হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একদিনের ব্যবধানে শহরের পারদ কিছুটা বেড়েছে। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ছিল ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় তীব্র শীত না পড়লেও হালকা ঠান্ডা ভাব বজায় থাকবে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে সপ্তাহান্তে তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি সেই তাপমাত্রা আরও কমে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে সাম্প্রতিক দুর্যোগের প্রভাব ধীরে ধীরে কাটছে। পর্যটন কেন্দ্রগুলি আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে এবং পর্যটকদের আনাগোনা বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গেও তাপমাত্রা আরও কমবে। ফলে আগামী সপ্তাহ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয়েই শীতের অনুভূতি আরও স্পষ্টভাবে মিলবে বলে আশা করা হচ্ছে।

Related Articles