উন্নয়নে বাংলার সাফল্যের খতিয়ান, সংখ্যালঘু অধিকার দিবসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি জানান, সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।
Truth Of Bengal: সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে রাজ্যের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি জানান, সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।
মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্ল্যান বাজেট গত এক দশকে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১০-১১ অর্থবর্ষে যেখানে এই খাতে বরাদ্দ ছিল ৪৭২ কোটি টাকা, সেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৫ হাজার ৬০২ কোটিরও বেশি।
শিক্ষাক্ষেত্রে রাজ্যের উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য চালু করা ‘ঐক্যশ্রী’ স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ১০ হাজার ২০৮ কোটি টাকা ব্যয়ে ৪ কোটি ৮৫ লক্ষ পড়ুয়াকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। স্কলারশিপ প্রদানের সংখ্যার নিরিখে রাজ্য দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বলেও দাবি করেন তিনি।
উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে রাজ্য সরকারের তরফে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের ব্যবস্থা করা হয়েছে। গত প্রায় ১৫ বছরে প্রায় ৪০ হাজার পড়ুয়াকে ৩২৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এর পাশাপাশি চালু রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।
মুখ্যমন্ত্রী জানান, সংখ্যালঘু ও ওবিসি ছাত্রছাত্রীদের জন্য ‘মেধাশ্রী’ প্রকল্পও চালু করা হয়েছে। স্বনির্ভরতার লক্ষ্যে ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত সংখ্যালঘু যুবক-যুবতী এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্য মিলিয়ে ১৬ লক্ষ ৩১ হাজার উপভোক্তাকে ৩ হাজার ৯২৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও রাজ্যের কাজের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এমএসডিপি প্রকল্প রূপায়ণে সারা দেশে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এই প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে সংখ্যালঘু-প্রধান এলাকায় প্রায় ২ লক্ষ পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। এছাড়া রাজ্যের নিজস্ব অর্থে আইএমডিপি প্রকল্পে ১৪টি জেলার ৩২টি ব্লকে ৭৪৫ কোটিরও বেশি টাকায় উন্নয়নমূলক কাজ হয়েছে।
তিনি আরও জানান, অন্যান্য সংখ্যালঘু-প্রধান এলাকায় অতিরিক্ত প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। সংখ্যালঘু দুঃস্থ মহিলাদের জন্য গৃহনির্মাণ প্রকল্পে ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ২ লক্ষ ৬০ হাজার ২৭ জন উপভোক্তাকে ২ হাজার ৪৫৬ কোটিরও বেশি টাকা দেওয়া হয়েছে।
শিক্ষার পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাজ্যে ১৪টি ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা এবং ৩৮টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল স্থাপনের কাজ চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী।






