কলকাতারাজ্যের খবর

Kolkata Weather: শপিংয়ে বেরোনোর আগে সতর্কতা, আজ থেকে তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

পুজোর আগে ছুটির দিনে অনেকেই শপিংয়ের পরিকল্পনা করেছেন। তবে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Truth of Bengal: কলকাতা ও আশপাশের এলাকায় টানা কয়েকদিন ধরে অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী। শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, কলকাতায় তা ছিল খুবই সামান্য। ফলে গরমের সঙ্গে আর্দ্রতা মিলে অস্বস্তির মাত্রা আরও বেড়ে যায়। পুজোর আগে ছুটির দিনে অনেকেই শপিংয়ের পরিকল্পনা করেছেন। তবে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। যদিও বাতাসে জলীয় বাষ্পের ঘনত্ব বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেই যাবে (Kolkata Weather)।

আরও পড়ুনঃ Disha Patani: দিশা পাটানির বাড়িতে হামলা! বাবা জগদীশ পাটনির বাসভবনে চলল গুলি

শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে স্বস্তির আশা কম। রবিবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতায় বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হতে পারে। ওইসব এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে (Kolkata Weather)।

সপ্তাহের শুরু, অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত আরও ব্যাপক হতে পারে বলে পূর্বাভাস মিলেছে। ফলে যাঁরা পুজোর কেনাকাটায় বেরোবেন, তাঁদের রবিবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত সতর্ক থাকা ভালো। উত্তরবঙ্গের আবহাওয়ার চিত্র একেবারেই আলাদা। শনিবার আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরেও একই রকম সতর্কতা জারি করা হয়েছে। ওই সব জেলাতেও ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। যদিও মহালয়ার আগের দিন অর্থাৎ আগামী শনিবার আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

শনিবার কলকাতার তাপমাত্রার দিকেও নজর দেওয়া যাক। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি বেশি। শনিবার বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ রেকর্ড করা হয়েছে (Kolkata Weather)।

Related Articles