বালুরঘাটে সাধারণ পর্যবেক্ষকের সফর, ভোটের প্রস্তুতি খতিয়ে দেখে ভোটার সচেতনতায় জোর
পরিদর্শনের সময় ভোটগ্রহণের প্রস্তুতি খুঁটিয়ে দেখেন তিনি
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: ভোটের আগে প্রস্তুতি কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখতে মঙ্গলবার একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখলেন নির্বাচন কমিশনের নিযুক্ত সাধারণ পর্যবেক্ষক রিতেশ চৌহান।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তাঁর এই পরিদর্শন ঘিরে প্রশাসনিক তৎপরতাও চোখে পড়ে এদিন।পরিদর্শনের সময় ভোটগ্রহণের প্রস্তুতি খুঁটিয়ে দেখেন তিনি। বিশেষ করে ভোটারদের জন্য ন্যূনতম নিশ্চিত সুবিধা যেমন পানীয় জল, শৌচাগার, বসার ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, তা নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন।
পাশাপাশি শুধু পরিকাঠামো নয়, সাধারণ মানুষের মনোভাবও বোঝার চেষ্টা করেন পর্যবেক্ষক। আশপাশের এলাকায় ভোটারদের সঙ্গে কথা বলে তাঁদের উদ্বেগ ও মতামত শোনেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে কোনও সংশয় না রাখার বার্তাও দেন তিনি।
এছাড়াও এদিন বালুরঘাটের বিভিন্ন জায়গায় ভোটার সচেতনতা কর্মসূচিতেও যোগ দেন রিতেশ চৌহান। উপস্থিতদের সঙ্গে কথা বলে তিনি ভোটের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তাঁর কথায়, “ভোট শুধু অধিকার নয়, দায়িত্বও—গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলে এগিয়ে আসা জরুরি।”এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী সহ জেলা প্রশাসন ও পুরসভার একাধিক আধিকারিক।





