২৬-এর ভোটে টিএমসির নয়া অস্ত্র ডিজিটাল যোদ্ধা, পুরুলিয়ায় শুরু প্রশিক্ষণ
প্রায় দেড়শো জন ডিজিটাল যোদ্ধাদের নিয়ে অনুষ্ঠিত হল এই বিশেষ প্রশিক্ষণ শিবির।
Truth Of Bengal: দরজায় কড়া নাড়ছে ২৬ শের বিধানসভার ভোট। আর সেই ভোটকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন ডিজিটাল যোদ্ধারা। এবারে ডিজিটাল মাধ্যমেই প্রতিবাদ তুলবেন তৃণমূল কংগ্রেস। ভোটের যেহেতু হাতেগোনা আর কয়েকটা মাস বাকি রয়েছে তাই এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছেন ডিজিটাল যোদ্ধারা। ডিজিটাল প্লাটফর্মে কিভাবে বিরোধীদের মোকাবিলা করবে এবং বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে একটার পর একটা প্রতিবাদ তুলবে এসবের জন্যই ডিজিটাল যোদ্ধাদের নিয়ে জয়পুর বিধানসভার কোটশিলাতে আয়োজিত হলো প্রশিক্ষণ শিবির। প্রায় দেড়শো জন ডিজিটাল যোদ্ধাদের নিয়ে অনুষ্ঠিত হল এই বিশেষ প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন পুরুলিয়ার শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব।

ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রত্যেকটা জায়গায় ডিজিটাল যোদ্ধাদেরকে সক্রিয় থাকতে হবে, কোন এলাকায় কোন বিরোধী নেতা তৃণমূল কংগ্রেসকে কটুক্তি করছে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে কমেন্ট করতে হবে। একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের প্রস্তুত থাকতে হবে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অপপ্রচার বন্ধ করার কাজ করতে হবে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজকর্ম গুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা গ্রাহকের ফোনে উন্নয়নের ছবি পাঠাতে হবে যাতে সোশ্যাল মিডিয়ায় বিজেপি কোন জায়গা না পায়। এগুলোই প্রশিক্ষণ দেয়া হল তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধাদের।
এই প্রসঙ্গে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার জানান, পুরুলিয়ার মোট নয়টা বিধানসভাতেই এটা আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আমরা ডিজিটাল যোদ্ধাদের সক্রিয় করে তুলছি। যাতে কোন জায়গাতে কোন জিনিস চাপা না থাকে। এবং আগামী দিনে সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে নিয়ে বা তৃণমূল কংগ্রেসের নামে কেউ অপপ্রচার না করতে পারে। সেজন্য এখন থেকেই আমরা প্রস্তুতি নিয়ে রাখছি।






