“মমতা যা করছেন, তা ওনার কাজ নয়!” ডায়মন্ড হারবারে বিস্ফোরক মন্তব্য বিপ্লব দেবের
তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবার ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়াল দক্ষিণ ২৪ পরগনায়। এদিন বিজেপি প্রার্থীদের সমর্থনে হাজির হয়ে রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
এদিন কুলপি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অবনি নস্কর, মন্দিরবাজার কেন্দ্রের প্রার্থী মল্লিকা পাইক এবং মগরাহাট পশ্চিম কেন্দ্রের প্রার্থী গৌড় সুন্দর ঘোষ মনোনয়নপত্র জমা দিতে ডায়মন্ড হারবার এসডিও অফিসে পৌঁছন। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সমর্থকদের নিয়ে তারা মনোনয়ন জমা দিতে আসেন। গোটা এলাকা জুড়ে ছিল বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি, স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেন, “ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দিতে এসেছে। আমি তাদের শুভকামনা জানাতে এসেছি। বাংলার মানুষ পরিবর্তন চাইছে। এই অপশাসনের হাত থেকে একমাত্র বিজেপিই বাংলাকে মুক্ত করতে পারে।” তাঁর এই মন্তব্য সরাসরি রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে নিশানা করে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।
তিনি আরও বলেন, বাংলায় গণতন্ত্র বিপন্ন, সাধারণ মানুষ তাদের মত প্রকাশ করতে পারছে না। বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছ প্রশাসন ও উন্নয়নের নতুন দিগন্ত খুলবে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে দলের প্রার্থীদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানান। অন্যদিকে, বিজেপি প্রার্থীরাও নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী। কুলপির প্রার্থী অবনি নস্কর বলেন, এলাকার মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছে। দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার অবসান ঘটাতে তারা বিজেপির পাশে দাঁড়াবে বলেই তার বিশ্বাস। মন্দিরবাজারের প্রার্থী মল্লিকা পাইকও বলেন, নারী নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে মানুষ এবার নতুন বিকল্প খুঁজছে।
মগরাহাট পশ্চিমের প্রার্থী গৌড় সুন্দর ঘোষ জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাদের সমস্যা সমাধানের জন্য লড়াই করে যাচ্ছেন। তাই মানুষ এবার তাকে আশীর্বাদ করবে বলেই তিনি আশাবাদী। সব মিলিয়ে ডায়মন্ড হারবারে বিজেপির মনোনয়ন জমা দেওয়ার দিনটি রাজনৈতিক বার্তা এবং পাল্টা বার্তায় ভরপুর ছিল। বিপ্লব দেবের উপস্থিতি এবং তার তীব্র মন্তব্য আগামী দিনে এই কেন্দ্রগুলিতে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।






