Bengal Weather: পুজোর আনন্দে জল ঢালতে পারে বৃষ্টি, বিশ্বকর্মা পুজোর আগেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বা
মঙ্গলবারও রাজ্যের অধিকাংশ অংশেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Truth of Bengal: আর একদিন পরেই বিশ্বকর্মা পুজো। আর সপ্তাহান্তে মহালয়া। গোটা রাজ্যজুড়ে উৎসবের প্রস্তুতি তুঙ্গে। তবে সেই আনন্দে জল ঢালতে প্রস্তুত বর্ষার বৃষ্টি। মঙ্গলবারও রাজ্যের অধিকাংশ অংশেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ— দুই বাংলার উপরই রয়েছে আবহাওয়ার কড়া নজরদারি। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাংশে সৃষ্টি হওয়া একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে বিহারের উপর। পাশাপাশি, উত্তর বাংলাদেশেও রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। যদিও সেটির সরাসরি প্রভাব এ রাজ্যে পড়ছে না, তবুও এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আকাশে জমেছে বিপুল জলীয় বাষ্প। এর ফলেই রাজ্যজুড়ে ঝরতে পারে বৃষ্টির ধারা (Bengal Weather)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ সারাদিন মেঘলা থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনাসহ প্রায় সব জেলাতেই হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। সমুদ্র থাকবে উত্তাল, তাই মঙ্গলবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে (Bengal Weather)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
উত্তরবঙ্গেও বজায় থাকবে বর্ষার তাণ্ডব। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিশ্বকর্মা পুজোর দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি আরও কমবে বলেই সম্ভাবনা। তবে শনিবার সামান্য বৃষ্টি বাড়লেও, রবিবার ফের কমবে (Bengal Weather)।






