ফোনে অনবরত আসা স্প্যাম কলের জ্বালায় অতিষ্ঠ? স্প্যামকল রুখতে গুগলের নয়া ফিচার
check out Google's new feature to block spam calls
Truth Of Bengal: মৌ বসু : ফোনে অনবরত এসেই চলেছে একটার পর একটা স্প্যাম কল। স্প্যাম কলের জ্বালায় অতিষ্ঠ মোবাইল ব্যবহারকারীরা। নাজেহাল দশা সবার। এই সমস্যা মেটাতে এবার আসরে নামল গুগল। পিক্সেল স্মার্টফোনে স্প্যাম কল রুখতে নতুন ফিচার আনল টেক জায়েন্ট গুগল। স্ক্যাম ডিটেকশন (Scam Detection) নামে গুগলের নয়া ফিচার রিয়েল টাইম স্প্যাম কল আটকাবে। ফোন কলের সময় প্রতারণামূলক কলগুলির প্যাটার্ন অনুসরণ করবে গুগল। তারপর সেটি আসা মাত্র ডিসকানেক্ট করে দেবে নিজে থেকেই।
কীভাবে কাজ করে গুগলের স্ক্যাম ডিটেকশন?
ফোনে কল আসলেই তা বিশ্লেষণ করতে শুরু করবে স্প্যাম ডিটেকশন ফিচার। যদি ফিচারটি সন্দেহজনক কিছু শনাক্ত করে, তখন এটি একটি শব্দ এবং ভাইব্রেশনের মাধ্যমে আপনাকে সতর্ক করবে। স্প্যাম কলের সতর্কতা দেওয়ার জন্য ফোনটি পরীক্ষা করার ব্যাপারে আপনাকে অনুরোধ করবে গুগল। তারপর ফোনে ভেসে উঠবে একটি বার্তা ‘সম্ভবত স্ক্যাম’। এখানে কলটি কেটে দেওয়ার এবং রিপোর্ট করার অপশন পাবেন ব্যবহারকারীরা।
আপাতত এই নতুন ফিচার পিক্সেল ৯ সিরিজ, পিক্সেল ৬ থেকে পিক্সেল ৮এ মডেলের স্মার্টফোনে পাওয়া যাবে। গুগল আশ্বস্ত করেছে যে কোনো কলই সংরক্ষণ করা হবে না। তাই আপনার কথোপকথনগুলি সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে।
কীভাবে চালু করতে হবে ফিচারটি?
পিক্সেল ৯ সিরিজ, পিক্সেল ৬ থেকে পিক্সেল ৮এ মডেলের স্মার্টফোনে ডিফল্ট হিসাবে নতুন ফিচার পাওয়া যাবে। অর্থাৎ ফোন কেনার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে। অ্যাপের সেটিংসে গিয়ে শুধু এটি অন/অফ করতে হবে আপনাকে। আপাতত আমেরিকায় ইংরেজি-ভাষী ফোনের বিটা ভার্সনে স্প্যাম ডিটেকশন ফিচার চালু হয়েছে।






