খেলা

হ্যান্ডশেক বিতর্কে উত্তাল এশিয়া কাপ, মুখ খুললেন কপিল দেব

সম্প্রতি আরব আমিরশাহীর বিরুদ্ধে নামার আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবিতে ক্ষোভ দেখিয়েছিল পাকিস্তান।

Truth Of Bengal: এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কে সমালোচনার মুখে পাকিস্তান দলকে কড়া বার্তা দিলেন ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচের আগে তিনি স্পষ্ট বলেন, বিতর্কে জড়িয়ে সময় নষ্ট না করে নিজেদের খেলায় মন দেওয়া উচিত পাকিস্তানের। সম্প্রতি আরব আমিরশাহীর বিরুদ্ধে নামার আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবিতে ক্ষোভ দেখিয়েছিল পাকিস্তান।

এমনকি এক ঘণ্টা মাঠে নামতে অস্বীকার করে পরে খেলতে নামে তারা। বিষয়টি নিয়ে কপিল দেব বলেন, ‘এগুলো নিতান্তই ছোটখাটো ব্যাপার। কেউ হাত মেলাতে না চাইলে সেটা বড় ইস্যু করার প্রয়োজন নেই। বরং ক্রিকেটেই মন দেওয়া উচিত। পাকিস্তান ভাল খেলছে না, ওদের সেটা নিয়েই ভাবা দরকার।‘

বিতর্কের সূত্রপাত হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে। রবিবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচে টস-এর সময় অধিনায়ক সূর্য কুমার যাদব হাত মেলাননি পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে। এর পরে জয় তিনি উৎসর্গ করেন পহেলগাঁও জঙ্গি হানায় নিহতের পরিবার এবং সেনাকে।ম্যাচ শেষে ভারত জয়লাভ করলেও দুই দলের মধ্যে করমর্দন হয়নি। সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার বলেছিলেন, ‘স্পোর্টসম্যানশিপের ঊর্ধ্বেও কিছু জিনিস আছে। আমরা পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের পাশে রয়েছি।

সেনাবাহিনীর পাশে রয়েছি। খেলায় নামার আগেই ঠিক করেছিলাম উত্তর মাঠেই দেব। বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গেই আমরা একমত।‘ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কপিল দেবের বার্তা—বিতর্কে জড়িয়ে নয়, বরং খেলায় মন দিয়েই পাকিস্তানকে ফিরতে হবে জয়ের পথে। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে কোনওমতে জয় পেয়ে সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। ফলে ফের ভারত-পাকিস্তান ম্যাচ হবে। সেই ম্যাচেও করমর্দন নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।

Related Articles