খেলা

২২ বছরের খরা কাটাল ভারতের মেয়েরা! এশিয়ান কাপে ইতিহাস ‘ইয়ং টাইগ্রেস’দের

Truth of Bengal: এশিয়ান কাপের মঞ্চে রূপকথার জয় ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দলের। জাপানে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের দুঃস্বপ্ন ঝেড়ে ফেলে বুধবার থাইল্যান্ডে জ্বলে উঠল ভারত। শক্তিশালী চাইনিজ তাইপেইকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে দীর্ঘ ২২ বছরের খরা কাটাল ‘ইয়ং টাইগ্রেস’রা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দাপুটে জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আশা এখনও জিইয়ে রাখল নীল বাঘিনীরা।

থাইল্যান্ডের পাঠুম থানি স্টেডিয়ামে এদিন শুরু থেকেই ছিল ভারতের দাপট। আগের দুই ম্যাচে রক্ষণভাগের ভুলভ্রান্তি শুধরে এদিন অনেক বেশি সংগঠিত দেখায় ভারতীয় শিবিরে। ম্যাচের ২০ মিনিটেই ভারতকে লিড এনে দেন ভূমিকা খুমুকচাম। তাঁর নিখুঁত ফিনিশিং জাপ-অজিদের বিরুদ্ধে বিধ্বস্ত হওয়া শিবিরে আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। আক্রমণের ধারা বজায় রেখে ম্যাচের ৩২ মিনিটে শিবানী দেবীর চমৎকার গোল ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। প্রথমার্ধেই খেলার ভাগ্য কার্যত লিখে ফেলেছিল ভারতীয় মেয়েরা।

ম্যাচের শেষ লগ্নেও আগ্রাসন কমায়নি ভারত। ৮২ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন শিবানী। স্কোরলাইন দাঁড়ায় ৩-০। চাইনিজ তাইপেই ইনজুরি টাইমে একটি গোল শোধ করলেও ভারতের জয়ে তা বাধা হতে পারেনি। ভারতের গোলকিপার রিবংশী এদিন প্রাচীর হয়ে দাঁড়িয়ে বেশ কিছু নিশ্চিত গোল রুখে দেন। ভারতীয় সিনিয়র দল যখন এশিয়ান কাপে মুখ থুবড়ে পড়েছিল, সেখানে অনূর্ধ্ব-২০ দলের এই পারফরম্যান্স ফুটবল বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে।

তবে এই জয়ের পরও ভারতের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথটি এখন ভাগ্যের হাতে। আজ, বুধবার সন্ধ্যায় উজবেকিস্তান বনাম জর্ডন ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে ভারতের ভবিষ্যৎ। ওই ম্যাচটি ড্র হলে তবেই সরাসরি শেষ আটে জায়গা করে নেবে ‘ইয়ং টাইগ্রেস’রা। পুরো দেশ এখন সেই ম্যাচের দিকেই তাকিয়ে।