১৫ বলে হাফসেঞ্চুরি! বিশ্বরেকর্ড ছুঁলেন অজি ক্রিকেটার লরা হ্যারিস
লরার এই ইনিংসের গুরুত্ব আরও বেড়ে যায় তাঁর সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রাখলে।
Truth Of Bengal: মহিলাদের বিগ ব্যাশ লিগে হতাশাজনক মরসুম কাটানোর পর মহিলাদের সুপার স্ম্যাশের শুরুতেই নজর কাড়লেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার লরা হ্যারিস। রবিবার ওটাগোর হয়ে ক্যান্টারবুরির বিরুদ্ধে মাত্র ১৫ বলে অর্ধশতরান করে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি। এই কীর্তির মাধ্যমে ২০২২ সালে মেরি কেলির গড়া দ্রুততম অর্ধশতরানের রেকর্ডে ভাগ বসালেন লরা। ম্যাচে প্রথমে ব্যাট করে ক্যান্টারবুরি ওটাগোর সামনে ১৪৬ রানের লক্ষ্য রাখে। জবাবে ষষ্ঠ ওভারে ব্যাট করতে নামেন লরা হ্যারিস। তখন দলের রান ছিল ২ উইকেটে ৪৬। সেখান থেকে বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন তিনি। ছ’টি চার ও চারটি ছক্কার সাহায্যে মাত্র ১৫ বলে ৫০ রান করেন লরা। শেষ পর্যন্ত ১৭ বলে ৫২ রান করে আউট হন তিনি। ততক্ষণে কার্যত ম্যাচ জিতে গিয়েছে ওটাগো। মাত্র ১৫ ওভারের মধ্যেই লক্ষ্য পূরণ করে নেয় তারা।
লরার এই ইনিংসের গুরুত্ব আরও বেড়ে যায় তাঁর সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রাখলে। সদ্য সমাপ্ত মহিলাদের বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে ১০ ম্যাচে মাত্র ৬৯ রান করেছিলেন তিনি। যদিও তাঁর স্ট্রাইক রেট ছিল নজরকাড়া ১৯৭.১৪। তবে বড় ইনিংসের অভাব ছিল স্পষ্ট। সুপার স্ম্যাশে এসে সেই খরা কাটালেন অজি তারকা।চলতি বছর আগেই রেকর্ড গড়ার সুযোগ পেয়েছিলেন লরা।
ভাইটালিটি ব্লাস্টে ডারহামের বিরুদ্ধে ১৭ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। তখন কেলির ১৫ বলের রেকর্ড ভাঙা সম্ভব হয়নি। এ বার তা ছুঁয়ে ফেললেন।টি-টোয়েন্টি ক্রিকেটে লরা হ্যারিসের ছ’টি অর্ধশতরানই এসেছে ২০ বলের কমে—এর মধ্যে তিনটি ১৮ বলে, আর একটি করে ১৫, ১৭ ও ১৯ বলে। বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলা এই বিধ্বংসী ব্যাটার ২০২৩ সালের মহিলাদের আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৪৫ লক্ষ টাকায় খেলেছিলেন। তবে চলতি বছরের নিলামে অবিক্রিত ছিলেন তিনি। সেই অবিক্রিত ক্রিকেটারই এ বার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফের আলোচনার কেন্দ্রে।


