কলকাতা

Kolkata Kaikhali: মৃত্যুর মুখেও সন্তানের জীবন বাঁচালেন মা! কৈখালিতে হৃদয়বিদারক ঘটনা

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম পূজা মণ্ডল, যিনি হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা।

Truth of Bengal: বৃহস্পতিবার রাতে কৈখালি-এয়ারপোর্টমুখী লেনে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। এক জননীর বুদ্ধিমত্তা ও আত্মত্যাগের জোরে রক্ষা পেল তার শিশুসন্তান, কিন্তু ঘাতক ট্রাকের চাকায় পিষে মর্মান্তিক মৃত্যু হল মায়ের। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম পূজা মণ্ডল, যিনি হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে স্বামী ও সন্তানকে নিয়ে স্কুটিতে করে বেরিয়েছিলেন ওই দম্পতি। কৈখালি থেকে হলদিরামের দিকে যাওয়ার পথে হঠাৎ স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।

রাস্তায় পড়ে গিয়েও পূজা দেবী তাঁর সন্তানকে বুকে জড়িয়ে রেখেছিলেন। এই ব্যস্ত রাস্তায় দ্রুত গতিতে ছুটে আসা একটি ১০ চাকার ট্রাককে নিজের দিকে আসতে দেখে তিনি বিন্দুমাত্র দেরি করেননি। চরম উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিনি কোল থেকে তাঁর সন্তানকে দূরে ছুঁড়ে দেন। পথচারীরা দ্রুত শিশুটিকে ধরে ফেলায় সে প্রাণে বেঁচে যায়।

যদিও ট্রাক চালক পরিস্থিতি বুঝে ব্রেক কষার চেষ্টা করেন, কিন্তু দ্রুতগতিতে থাকা ট্রাকটিকে সঠিক সময়ে থামানো যায়নি। ফলস্বরূপ, ঘাতক গাড়িটি পিষে দেয় পূজাদেবীর মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এই দুর্ঘটনার পর পূজাদেবীর স্বামী ও সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles