রাজ্যসভা নির্বাচন ঘিরে তৎপরতা তৃণমূলের, এই তারিখগুলোতে বিধানসভায় বিধায়কদের হাজিরা বাধ্যতামূলক!
দল সূত্রে জানা গিয়েছে, প্রতিটি প্রার্থীর জন্য একাধিক সেট মনোনয়নপত্র রাখা হচ্ছে।
Truth Of Bengal: আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। তার আগে এই নির্বাচন নিয়ে সুগঠিত হতে শুরু করল তৃণমূল শিবির। রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত তৎপরতা শুরু করেছে ঘাসফুল শিবির। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এবং ২ মার্চ বিধানসভায় উপস্থিত থেকে প্রস্তাবক হিসেবে সই করতে হবে বিধায়কদের। আর সেখানে দলের তরফে সব বিধায়কের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে।
দল সূত্রে জানা গিয়েছে, প্রতিটি প্রার্থীর জন্য একাধিক সেট মনোনয়নপত্র রাখা হচ্ছে। নিয়ম অনুযায়ী, প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে ১০ জন করে প্রস্তাবকের স্বাক্ষর প্রয়োজন। সেই কারণে জরুরি ভিত্তিতে বিধায়কদের বিধানসভায় তলব করা হয়েছে।বর্তমানে বিধানসভায় তৃণমূলের সরাসরি বিধায়ক সংখ্যা ২১৯ জন।
এছাড়া দলবদল করে আসা আরও ৬ জন বিধায়ক রয়েছেন। পাশাপাশি নির্দল বিধায়ক হিসেবে রয়েছেন একজন। সংখ্যার নিরিখে রাজ্যসভা নির্বাচনে তৃণমূল যথেষ্ট শক্ত অবস্থানে থাকলেও, কোনও রকম ঝুঁকি না নিয়ে সংগঠিতভাবে প্রক্রিয়া সম্পন্ন করতেই এই কড়া নির্দেশ বলে রাজনৈতিক মহলের মত।






