ভাষা আন্দোলন: ডিসেম্বর পর্যন্ত রিলে পদ্ধতিতে ধর্না তৃণমূলের
তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার প্রকাশ করা সূচি অনুযায়ী, আগামী ২ আগস্ট তৃণমূল মহিলা কংগ্রেসের হাত ধরে ধর্না কর্মসূচির সূচনা হবে।
Truth Of Bengal: গত প্রায় মাস দেড়েকেরও বেশি সময় ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ওপর হেনস্থা ও হয়রানির অভিযোগ তুলে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস (Language Protest)। ইতিমধ্যে প্রতিবাদ জানিয়ে ১৬ জুলাই পথে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকেই ‘ভাষা আন্দোলন’ সংগঠিত করার ডাক দিয়েছিলেন। সেদিনই তিনি জানিয়েছিলেন, কলকাতায় মেয়ো রোডে গান্ধীমূর্তির তলায় ধরনা হবে।বাংলাভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার প্রতিবাদে টানা প্রায় পাঁচ মাসের ধর্না কর্মসূচিতে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ২ আগস্ট থেকে রিলে পদ্ধতিতে চারমাস ধরে চলবে এই প্রতিবাদ।
তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার প্রকাশ করা সূচি অনুযায়ী, আগামী ২ আগস্ট তৃণমূল মহিলা কংগ্রেসের হাত ধরে ধর্না কর্মসূচির সূচনা হবে (Language Protest)। ২ ও ৩ আগস্ট তাঁদের ধর্না চলবে। এরপর ৯ ও ১০ আগস্ট প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেবে তৃণমূল যুব কংগ্রেস। ১৭ আগস্ট ধর্নায় অংশ নেবেন তৃণমূলের লিগাল সেলের নেতৃত্ব। ১৬ আগস্ট জন্মাষ্টমীর ছুটি, ওইদিন কোনও ধর্না হবে না। এরপর ২৩ ও ২৪ আগস্ট গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে তৃণমূলের ‘জয় হিন্দ বাহিনী’। এরপর ৩০ ও ৩১ আগস্ট তৃণমূল কংগ্রেসের কিষাণ ও ফার্ম ওয়ার্কার্স সেল ধর্নায় অংশ নেবে।
এরপর সেপ্টেম্বরের ৬ ও ৭ তারিখ দলের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ‘ভাষা সন্ত্রাসে’র বিরুদ্ধে ধর্নায় বসবে। ১৩ ও ১৪ সেপ্টেম্বর তৃণমূলের শিক্ষাবন্ধু সংগঠনের ধর্না কর্মসূচি রয়েছে। এরপর দুর্গাপুজোর ছুটির জন্য ওই সময় দলের তরফে কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। পুজোর মরসুম মিটলে আবার ১১ ও ১২ অক্টোবর তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র তরফে ধর্না কর্মসূচি চলবে। আবার কালীপুজোর জন্য বন্ধ থাকবে এই কর্মসূচি। কালীপুজোর পর, ২৫ ও ২৬ অক্টোবর তৃণমূলের আদিবাসী সেল ধর্নায় বসবে।
নভেম্বরের শুরুতেই ১ ও ২ তারিখ দলের সেকেন্ডারি টিচার্স অর্গানাইজেশন প্রতিবাদে (Language Protest) অংশ নেবে। পরের সপ্তাহে ৮ ও ৯ নভেম্বর ওয়েবকুপার তরফে ধর্না কর্মসূচি পালন করা হবে। ১৫ ও ১৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের প্রাইমারি টিচার্স অর্গানাইজেশন গান্ধীমূর্তির পাদদেশে কর্মসূচির নেতৃত্ব দেবে। ২২ ও ২৩ নভেম্বর তৃণমূল কংগ্রেসের তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির সংগঠন ধর্নায় বসবে। ২৯ ও ৩০ নভেম্বর তৃণমূল কংগ্রেসের প্যারাটিচার্স সংগঠনের তরফে চলবে কর্মসূচি। এরপর ডিসেম্বরের শুরুতেই ৬ ও ৭ তারিখ দলের সংখ্যালঘু সংগঠন ধর্নায় অংশ নেবে। ১৩ ও ১৪ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের হিন্দি সেল প্রতিবাদ কর্মসূচি পালন করবে। সবশেষে, ২০ ও ২১ ডিসেম্বর দলের ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র পরিষদ ধর্নায় বসবে বলে জানানো হয়েছে।চলতি বছরের শেষ পর্যন্ত এই কর্মসূচির কথা জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।






