কলকাতা

ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

ঘটনাটি ঘটেছিল গত রবিবার ব্রিগেডে, যেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Truth Of Bengal: গীতাপাঠের দিন ব্রিগেডে প্যাটিস বিক্রেতাদের মারধরের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। ধৃতদের নাম সৌমিক গোলদার, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্য। সৌমিক উত্তর ২৪ পরগনার গোবরডাঙার, স্বর্ণেন্দু অশোকনগরের এবং তরুণ হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনাটি ঘটেছিল গত রবিবার ব্রিগেডে, যেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই দিনে ময়দানের মধ্যে দু’জন প্যাটিস বিক্রেতা মারধরের শিকার হন। অভিযোগ, এক বিক্রেতাকে কান ধরে ওঠবস করানো হয় এবং তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়। আহত প্যাটিস বিক্রেতা রিয়াজুল হুগলির আরামবাগ এলাকার, তিনি ব্রিগেডে দুপুর ১টার সময় বিক্রি চলাকালীন মারধরের শিকার হন এবং ৩০০০ টাকার খাবারের বাক্স নষ্ট হয়। পরে তিনি এসএসকেএমে চিকিৎসা করান। অন্য অভিযোগকারী মহম্মদ সালাউদ্দিন তপসিয়া এলাকার বাসিন্দা। তিনি জানান, দুপুর আড়াইটের সময় ব্রিগেডে বিক্রি চলাকালীন তাকে থাপ্পড় মারা হয় এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়।

এই ঘটনার ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ এই ভিডিও ও ছবির ভিত্তিতে তিন অভিযুক্তকে চিহ্নিত করে এবং এফআইআর দায়েরের দুই দিনের মধ্যে গ্রেফতার করে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ঘটনার জন্য ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ১২৬(২), ১১৫(২), ২৯৯, ৩৫১(৩), ৩২৩(২) ধারায় মামলা রুজু হয়েছে। এ বিষয়ে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ও থানায় অভিযোগ করেন এবং জানান, সুপ্রিম কোর্ট যেখানে গণপিটুনি বলেছে, সেই ঘটনা রবিবার ব্রিগেড ময়দানে ঘটেছে।

Related Articles