প্রয়াত বাম নেতা সমীর পুততুণ্ড শেষ শ্রদ্ধা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার
মঙ্গলবার তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দান করার মাধ্যমে তাঁকে বিদায় জানাবেন পিডিএস নেতৃত্ব ও কর্মীরা।
Truth Of Bengal: প্রয়াত বামপন্থী নেতা তথা পিডিএস (PDS) প্রতিষ্ঠাতা সমীর সমীর পুততুণ্ডকে শেষ শ্রদ্ধা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মঙ্গলবার কলকাতার ওপিডিএস রাজ্য দফতরে গিয়ে তিনি প্রবীণ এই জননেতার মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। গত পরশু প্রয়াত হয়েছেন বিশিষ্ট এই বামপন্থী ব্যক্তিত্ব। মঙ্গলবার তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দান করার মাধ্যমে তাঁকে বিদায় জানাবেন পিডিএস নেতৃত্ব ও কর্মীরা।
এদিন শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি প্রয়াত নেতার স্ত্রী তথা বিশিষ্ট বাম নেত্রী অনুরাধা দেবের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ— আশুতোষ চট্টোপাধ্যায়, তপন দাস এবং সুমন রায় চৌধুরী প্রমুখ।
শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার প্রয়াত সমীর পুততুণ্ডের আদর্শগত লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রায় সবাই ক্ষমতার মোহে অন্ধ হয়ে তার দিকেই পা বাড়ান, সেখানে স্বর্গীয় সমীর বাবু সম্পূর্ণ স্রোতের বিপরীতে হেঁটেছিলেন। নিজের আদর্শে অবিচল থেকে তিনি যেভাবে নিজের পৃথক দল গড়ে তুলেছিলেন, তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সত্যিই বিরল।”




