স্কুলে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব! কমলা চ্যাটার্জি বালিকা বিদ্যালয়ে ভাঙচুরে চাঞ্চল্য, তদন্তে গড়িয়াহাট থানা
এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে
Truth of Bengal: খাস কলকাতার বুকে এক নামী বালিকা বিদ্যালয়ে দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটল। শনিবার ভোররাতে গড়িয়াহাট থানা এলাকার কমলা চ্যাটার্জী গার্লস হাইস্কুলে একদল দুষ্কৃতী পাঁচিল ও প্রধান ফটক টপকে ঢুকে তীব্র তাণ্ডব এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যেই গড়িয়াহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্কুল সূত্রের খবর, শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ এই হামলার ঘটনাটি ঘটে। স্কুলের একটি নির্দিষ্ট ভবন নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। কর্তৃপক্ষের দাবি, ওই ভবনটি তাঁদের নিজস্ব নয়, বরং ভাড়া নেওয়া। সেখানে স্কুলের প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের ক্লাস নেওয়া হয়। দুষ্কৃতীরা মূলত ওই ভাড় নেওয়া ভবনটিতেই ব্যাপক ভাঙচুর চালায় এবং আসবাবপত্র তছনছ করে দেয়।
স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এই তাণ্ডবের সম্পূর্ণ চিত্র ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একদল যুবক ভোররাতে স্কুলের প্রধান দরজা টপকে ভেতরে প্রবেশ করছে এবং এরপরই তারা ভেতরে গিয়ে ভাঙচুর শুরু করে। স্কুলের প্রধানশিক্ষিকা দেবযানী দাস এই বিষয়ে জানান যে, সকালে স্কুলে এসে তাঁরা দেখেন সমস্ত কিছু তছনছ করে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার রেকর্ডিং রয়েছে। গড়িয়াহাট থানার পুলিশের পাশাপাশি জেলা স্কুল পরিদর্শকের কাছেও এই বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।



