কলকাতা

বর্ষবরণে নিরাপত্তার বলয়, থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী

New Year Guidelines

The Truth of Bengal: বর্ষ বিদায় ও বর্ষবরণে মেতে উঠবে বাংলা। এখন থেকেই তার প্রস্তুতি রাজ্যের বিভিন্ন প্রান্তে। বর্ষবরণকে সামনে রেখে শহর কলকাতা মেতে ওঠে উন্মাদনায়। পার্ক স্ট্রিট, নিউটাউন, লেকটাউন সহ রাজ্যের একাধিক জায়গায় রাতভর মানুষ নামে রাস্তায়। ৩১ ডিসেম্বরের শেষ ও পয়লা জানুয়ারির সূচনার মুহূর্তকে সাক্ষী রাখেন উৎসবমুখর বাঙালি। প্রতিবছরের সেই চেনা ছবি এবারও দেখা যাবে কলকাতার রাজপথে। দেখা যাবে মানুষের উচ্ছ্বাসের মুহূর্ত।

বর্ষবরণের সেই অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য এখন থেকে সতর্ক প্রশাসন। বর্ষবরনের রাতে জোরদার থাকবে নিরাপত্তা ব্যবস্থা। লালবাজার সূত্রে খবর, ৩১ ডিসেম্বর রাতে শহরে মোতায়েন থাকছে ২ হাজার ৫০০ পুলিশ কর্মী। ১ জানুয়ারি রাতে মোতায়েন থাকবে ২হাজার ৪০০ পুলিশকর্মী। সবচেয়ে ভিড় হবে পাক-স্ট্রিটে। নিরাপত্তার কারণে ৬টি সেক্টরে পার্ক স্ট্রিটকে ভাগ করা হয়েছে। নজরদারির দায়িত্বে থাকবেন ১০জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নজরদারিতে থাকছে তিনটি ওয়াচ টাওয়ার।

এছাড়াও ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, তারামণ্ডলের মতন‌ দর্শনীয় স্থানগুলিতে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন থাকছে। প্রতিটি এলাকার দায়িত্বে থাকবেন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। ওই দিন শহরের হোটেল রেস্তোরাঁ গুলিতেও থাকবে মানুষের ভিড়। এইসব এলাকাতেও কড়া নজরদারির ব্যবস্থা করেছে লালবাজার। মহিলাদের সুরক্ষায় কলকাতা পুলিশের উইনার্স টিম মোতায়ন থাকছে। শহর জুড়ে থাকবে সাদা পোশাকের পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ড্রোনের মাধ্যমে চালানো হবে নজরদারি।

Related Articles