কলকাতা

রবিবার দীর্ঘ সময় বন্ধ থাকবে টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম মেট্রো, ভোগান্তিতে যাত্রীরা

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়ায় পরিষেবা আংশিকভাবে আগেই চালু হবে পরিষেবা।

Truth Of Bengal: যে সময় পর্যন্ত বন্ধ থাকার কথা বলা হয়েছিল তার কিছুটা আগেই চালু হয়ে যাবে মেট্রো। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। শহিদ ক্ষুদিরাম স্টেশনে ‘টার্ন আউট’ বসানোর কাজের জন্য রবিবার সকালে ওই পথে মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই রবিবার শেষ করার সিদ্ধান্ত নেওয়ায় পরিষেবা আংশিকভাবে আগেই চালু হবে পরিষেবা।

[আরও পড়ুন: মানসিকতা নিয়ে খোঁচা, মহুয়ার মন্তব্যের নিন্দা করলেন হিমন্ত]

শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (৩১ অগস্ট) মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো পরিষেবা দুপুর ৩টা ৪০ মিনিটে শুরু হবে। আগে ঠিক করা হয়েছিল বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ার পর থেকেই উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) মেট্রোর পরিষেবা স্বাভাবিক নেই। বর্তমানে ওই লাইনের ডাউন ট্রেনের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। কিন্তু এখানে লাইন পরিবর্তনের সুবিধা নেই। ফলে টার্ন আউট করতে পারে না ট্রেন। পরিকাঠামোগত সীমাবদ্ধতা কাটাতে এখানে টার্ন আউট বসানোর কাজ শুরু হয়েছে।

রবিবার দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো টালিগঞ্জ থেকে ছাড়বে সকাল ৭টায়। তবে শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যদিকে, রবিবার পিএসসির ‘মিসলেনিয়াস মেনস’ পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের একাংশ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন (Kolkata Metro)। এই কারণে মেট্রো কর্তৃপক্ষ গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ) পরিষেবা এক ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ৮টা থেকেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

মেট্রো সম্প্রসারিত পথ চালু হওয়ার পর থেকে নানা বিঘ্ন দেখা দিচ্ছে ব্লু লাইনে। প্রায় প্রতিদিন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। দিনের ব্যস্ত সময়ে নাকাল হতে হচ্ছে অফিস যাত্রীদের। কখনও গেট বন্ধ হচ্ছে না, আবার কখনও সিগন্যাল পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে নির্দিষ্ট যাত্রাপথে সময় লেগে যাচ্ছে অনেক বেশি। ফলে যাত্রীদের হয়রানি মাত্রাছাড়া হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: আরজি কর আন্দোলনের নেপথ্যে দুর্নীতি! জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে সরব ন্যায়বিচার মঞ্চ]

এমন অবস্থায় রবিবার ব্লু লাইনে যাত্রাপথ আরও কিছুটা সংক্ষিপ্ত হয়ে যাওয়ায় দক্ষিণের যাত্রীদের সমস্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে বিকেলের পর থেকে বন্ধ থাকা পথ খুলে গেলে আবার স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা। পুজোর মুখে এই সময় প্রতিবার যাত্রীদের চাপ থাকে অনেক বেশি (Kolkata Metro)। কারণ শহর ও শহরতলির মানুষ কেনাকাটার জন্য মেট্রো পথকেই বেছে নেন। ফলে মেট্রো পরিষেবা স্বাভাবিক না থাকলে ভোগান্তি প্রত্যাশিত।

Related Articles