Kolkata Ferrari Accident: রেসকোর্সের সামনে ফেরারি গাড়ির ভয়াবহ দুর্ঘটনা, দুই সাফাইকর্মী-সহ আহত চার
গাড়িটি রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্টে ধাক্কা দিয়েও থামেনি, বরং প্রায় ৭০০ থেকে ৮০০ মিটার এগিয়ে গিয়ে উল্টে যায়।
Truth of Bengal: বুধবার ভোররাতে কলকাতার রেসকোর্সের সামনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা একটি দামি ফেরারি স্পোর্টস কার নিয়ন্ত্রণ হারিয়ে দুই মহিলা সাফাইকর্মীকে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্টে ধাক্কা দিয়েও থামেনি, বরং প্রায় ৭০০ থেকে ৮০০ মিটার এগিয়ে গিয়ে উল্টে যায়।
এই দুর্ঘটনায় দুই মহিলা সাফাইকর্মী গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি গাড়িটির চালক এবং সওয়ারি, মোট দু’জনও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মোট চারজনকেই উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে বাবা ও ছেলে সওয়ার ছিলেন, যদিও এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশের অনুমান, গাড়িটির গতিবেগ অত্যন্ত বেশি থাকায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে ফেরারি গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে।
এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সমস্ত দিক খতিয়ে দেখার পরই এই বিষয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছে।






