Shantipur: শান্তিপুরে জাতীয় সড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হল ‘বিপুল’ সংখ্যক ভোটার কার্ড
আবর্জনার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মাধব দেবনাথ,নদিয়া: সামনেই লোকসভা নির্বাচন এবং তার মধ্যেই নদীয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে আবর্জনার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া একাধিক ভোটার কার্ডে উত্তর ২৪ পরগনার ঠিকানা লেখা রয়েছে।
ঘটনাটি প্রথম স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। একটি ছেঁড়া বস্তা দেখে সন্দেহ হওয়ায় পা দিয়ে নাড়া দিতেই ভেতর থেকে রাশি রাশি ভোটার কার্ড বেরিয়ে আসে। স্থানীয়দের অনুমান, প্রায় চারশো থেকে পাঁচশোটি কার্ড এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ওই বস্তায় ছিল। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ এসে কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে উঠেছে। বিশেষ করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষ্ণনগর সফরের ঠিক আগের রাতে এমন ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের গভর্মেন্ট কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা করার কথা রয়েছে।
শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা তপন সরকার এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী তো এই ১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়েই যাবেন। তাই তার আগে অন্য জেলা থেকে এই সব কার্ড নিয়ে ফেলে রেখে দেওয়া হয়েছে। এটা নিশ্চিতভাবেই বিজেপির কাজ। আসলে এইসব করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার চেষ্টা চলছে।” গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






