Forex Scam: ২ কোটির প্রতারণা! ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক
বিদেশি মুদ্রা লেনদেনের ব্যবসা করানোর নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।
Truth Of Bengal: ফের শহরে ধরা পড়ল জালিয়াত (Forex Scam)। বিদেশি মুদ্রা লেনদেনের ব্যবসা করানোর নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে ওই অভিযুক্তকে।
ফরেক্স ট্রেডিং করানোর নামে অভিযোগকারী ওই ব্যবসায়ীর থেকে প্রায় ২ কোটি টাকা প্রতারণা করে নেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের ব্যবসায়ী ব্রিজেশ ঘোষ বর্তমানে সল্টলেকের নারায়ণপুর এলাকার বাসিন্দা। মাসখানেক আগে তাঁর মোবাইলে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছিল। ওয়ার্ক ফ্রম হোমের প্রস্তাব দেওয়া হয়েছিল সেই মেসেজে।
[আরও পড়ুন: Nahid Islam: নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে- নাহিদ ইসলাম]
রাজিও হয়েছিলেন ব্রিজেশ। পরে প্রস্তাব দেওয়া হয় ফরেক্স ট্রেডিংয়ে খাটানোর (Forex Scam)। তাতেও তিনি রাজি হয়ে যান এবং অ্যাকাউন্টও করান। প্রথম দিকে ট্রেডিংয়ে ভালো অঙ্কের টাকার লেনদেন হয়েছিল বলে জানিয়েছেন ব্রিজেশ। কিন্তু উপার্জিত টাকা অ্যাকাউন্ট থেকে তুলতে চাইতেই শুরু হয় প্রতারকদের খেলা। বিভিন্ন কারণ দেখিয়ে ওই ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ১ কোটি ৭১ লক্ষ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ।
[আরও পড়ুন: Pilgrimage Walk: ঝুড়িতে সন্তান নিয়ে পায়ে হেঁটে জল্পেশ মন্দিরের পথে বাবা]
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যবসায়ী চলতি মাসের ১৭ তারিখ বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালিয়ে খোঁজ পায় অভিযুক্তের। এরপর এস কে মহম্মদ নামে এক যুবককে কলকাতার একবালপুর থেকে গ্রেফতার করা হয় (Forex Scam)। ধৃত যুবক বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। রবিবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে।






