“দরকারে সিবিআই অফিস অভিযান হবে”, হুঁশিয়ারি অভয়ার বাবার
গতবছর ৯ই অগাস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা রাজ্যে চলে তোলপাড়।
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: হাতে মাত্র দুদিন। তারপর রাজ্যে সকল নাগরিক ও বিরোধী দলকে নিয়ে নবান্ন অভিযানে নামবে অভয়ার পরিবার। কিন্তু তার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিলোত্তমার বাবা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে সিজিও কমপ্লেক্স অভিযান (CBI Office Protest) করা হবে। এখানেই শেষ নয়, তাঁদের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাওয়ারও অভিযোগ তিনি তোলেন।
[আরও পড়ুন: Lionel Messi: কোন ম্যাচে মেসিকে পাবে না মিয়ামি, জানালেন মাসচেরানো]
গতবছর ৯ই অগাস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা রাজ্যে চলে তোলপাড়। বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় শাসকদল তৃণমূল কংগ্রেসকে। যদিও পাল্টা দিতেও দেরি করেনি ঘাসফুল শিবির। রাত দখল থেকে শুরু করে নবান্ন অভিযান, একাধিক কর্মসূচি নেওয়া হয় প্রতিবাদ জানাতে। অনশনেও বসেন জুনিয়র ডাক্তাররা। তবে শেষ পর্যন্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডল জামিন পান। যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে, যা দেখে ক্ষুব্ধ হন অনেকেই।
এবার দোরগোড়ায় আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি। ইতিমধ্যেই অভয়ার পরিবারের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এতে যোগ দিতে সকল বিরোধী দলকে আমন্ত্রণও জানানো হয়েছে। বলা বাহুল্য, প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে উগ্রতা ঠেকানোর পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে। আসন্ন ৯ তারিখ যে গোটা রাজ্যে হইচই পড়বে, তা এখন থেকেই বেশ স্পষ্ট (CBI Office Protest)।
[আরও পড়ুন: River Flooding: হু হু করে বাড়ছে ভাগীরথী নদীর জল, আতঙ্কে তীরবর্তী এলাকার মানুষ]
এরই মাঝে মঙ্গলবার সিবিআইয়ের বিরুদ্ধে আরও একবার বিস্ফোরক অভিযোগ তুললেন অভয়ার পরিবার। মৃত মহিলা চিকিৎসকের বাবা বলেন, “সকল বিরোধী দলই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং জানিয়েছে আমাদের পাশে আছে। আমরা সিবিআই ডিরেক্টরের কাছে যাচ্ছি বুধবার। যদি কোন আশার আলো না দেখি, তাহলে সিবিআই অফিস অভিযানে নামা হবে। নিয়ে যাওয়া হবে এক কোটি লোক। উৎপাত হবেই ওদের উপর।” এবার দেখার বিষয় যে বুধবার কি হয়। কি যুক্তি দেখায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটাই এখন দেখার।






