দেশ

এটিএম এর মাধ্যমে তুলতে পারবেন ইপিএফও-র টাকা, আসছে নতুন নিয়ম

You can withdraw EPFO ​​money through ATM, new rules are coming

Truth Of Bengal: চাকরি থেকে অবসর গ্রহণের পরেও আয়ের ধারাবাহিকতা বজায় রাখতে কর্মচারীদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-তে বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই তহবিলে সঞ্চিত অর্থের একটি অংশ পেনশন হিসাবে পাওয়ার সুযোগ থাকায় এটি দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা দেয়। তবে, এবার ইপিএফও-তে আসছে নতুন পরিবর্তন, যা কর্মচারীদের জন্য আরও সুবিধাজনক হতে চলেছে।

সূত্রের খবর অনুযায়ী, ইপিএফও-৩.০ নামক নতুন নিয়ম ২০২৫ সালের মে-জুন থেকে কার্যকর হতে পারে। এর ফলে বিনিয়োগকারীরা প্রভিডেন্ট ফান্ডে আরও বেশি অর্থ জমা করার পাশাপাশি হঠাৎ প্রয়োজন হলে এটিএম কার্ডের মাধ্যমে দ্রুত অর্থ তুলতে পারবেন।

ইপিএফও-৩.০: কী পরিবর্তন আসছে?

বর্তমানে কর্মীরা তাঁদের বেতনের ১২ শতাংশ ইপিএফ-এ বিনিয়োগ করতে পারেন, এবং নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ তাঁদের অ্যাকাউন্টে জমা করেন। তবে নতুন নিয়মে কর্মীদের বিনিয়োগের এই ঊর্ধ্বসীমা শিথিল করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ, কর্মীরা চাইলে ইপিএফ অ্যাকাউন্টে আরও বেশি টাকা জমা রাখতে পারবেন। তবে, নিয়োগকর্তার অংশ একই থাকবে।

অনেক সদস্য দীর্ঘদিন ধরেই তাঁদের ইপিএফ অ্যাকাউন্টে ১২ শতাংশের বেশি বিনিয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। ইপিএফও-৩.০ চালু হলে এই সমস্যা দূর হবে।

এটিএম থেকে অর্থ উত্তোলনের সুবিধা

ইপিএফও-৩.০ কার্যকর হলে প্রভিডেন্ট ফান্ড থেকে আংশিক অর্থ তোলার প্রক্রিয়া আরও সহজ হবে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীরা এটিএম কার্ড ব্যবহার করে সরাসরি তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে পারবেন। এর ফলে জরুরি প্রয়োজন মেটানো আরও সহজ হবে।

সরকারের লক্ষ্য

সরকারের মতে, কর্মচারীদের সঞ্চয়ের স্বাধীনতা বাড়ানোই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। এক ইপিএফও আধিকারিক জানিয়েছেন, “এই প্রকল্প এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। তবে ইপিএফও-৩.০ কার্যকর হলে বিনিয়োগকারীরা আরও বেশি স্বাধীনতা পাবেন।”

সরকার ইতোমধ্যেই প্যান ২.০ প্রকল্প চালু করেছে। এবার ইপিএফও-৩.০ প্রকল্প ঘোষণার অপেক্ষায় রয়েছে কর্মীরা। এই নতুন নিয়মে বিনিয়োগ ও অর্থ তোলার সুযোগ বাড়িয়ে কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় বড়সড় পরিবর্তন আনা সম্ভব হবে।