দেশ

Uttarakhand Almora: উত্তরাখণ্ডের আলমোড়ায় ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Truth of Bengal: উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় মঙ্গলবার ভোরে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ভিকিয়াসাঁই-বিনায়ক রোডে একটি যাত্রীবাহী বাস গভীর গিরিখাতে পড়ে যাওয়ায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ১২ জন যাত্রী নিয়ে বাসটি ভিকিয়াসাঁই থেকে রামনগরের দিকে রওনা দিয়েছিল। দ্বারহাট অতিক্রম করার পর শিলাপানির কাছে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে সোজা গভীর গিরিখাতে গিয়ে আছড়ে পড়ে। জেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনাস্থলটি অবস্থিত। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF) একটি দল। ক্রেনের সাহায্যে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটিকে সোজা করে তার ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের বের করার চেষ্টা চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের বয়ান অনুযায়ী, পাহাড়ি আঁকাবাঁকা পথে প্রবল শীত এবং ঘন কুয়াশার কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালক রাস্তার বাঁক বুঝতে পারেননি বলে অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Related Articles