UP BLO: ভোটার তালিকার কাজের চাপ? সুপারভাইজারের হাতে ক্রমাগত অপমানে বিষ খেলেন ২৫ বছরের বিএলও
বর্তমানে গড় রোডের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তিনি।পরিবার ও সহকর্মীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত এনিউমারেশন ফর্ম জমা দিতে দেরি হওয়ায় সুপারভাইজারের হাতে ক্রমাগত অপমান ও হেনস্থার শিকার হচ্ছিলেন মোহিত।
Truth of Bengal: উত্তরপ্রদেশে ফের আত্মহত্যার চেষ্টা করলেন এক বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও। মীরাটের ক্যান্টনমেন্ট বিধানসভা এলাকার ২৫ বছর বয়সি বিএলও মোহিত চৌধুরী মঙ্গলবার রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে গড় রোডের একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তিনি।পরিবার ও সহকর্মীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত এনিউমারেশন ফর্ম জমা দিতে দেরি হওয়ায় সুপারভাইজারের হাতে ক্রমাগত অপমান ও হেনস্থার শিকার হচ্ছিলেন মোহিত। এমনকি তাঁকে বরখাস্তের হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের। বিষ খাওয়ার মাত্র আধঘণ্টা আগে তিনি খুড়তুতো ভাইকে ফোন করে সুপারভাইজারের আচরণের কথা জানান, অভিযোগ পরিবারের।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। সেচ দফতরের কেরানি মোহিতের সহকর্মীসহ অন্যান্য বিএলওরা নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও বিএলওদের ক্রমাগত ভয় দেখানো হচ্ছে, অযৌক্তিক চাপ দেওয়া হচ্ছে এবং তুচ্ছ কারণেও হেনস্থা করা হচ্ছে।এই পরিস্থিতিতে উপ-জেলা নির্বাচন আধিকারিক সত্যপ্রকাশ সিং জানান, ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলেও, মোহিত হেনস্থার অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে।ঘটনাটি বিএলওদের নিরাপত্তা, কাজের পরিবেশ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, বিএলও-দের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। তাদের কাজে প্রবল চাপ দেওয়ার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন তাঁর সহকর্মীরা। এই নিয়ে শুধু উত্তরপ্রদেশে এসআইআরের কাজের চাপে ৭ জন বিএলও-র মৃত্যু হয়েছে। যার মধ্যে আত্মঘাতী হয়েছেন ৩ জন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।






