পোখরানের আকাশে ভারতের ‘সুদর্শন চক্র’! এস-৪০০-এর মারণাস্ত্রের গর্জনে কেঁপে উঠল সীমান্ত
এদিন পোখরানের আকাশে দূরের এক লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করার ভিডিও প্রকাশ করে গোটা বিশ্বকে নিজেদের সক্ষমতার বার্তা দিয়েছে বায়ুসেনা।
Truth of Bengal: রাজস্থানের পোখরানে ফের একবার নিজেদের রণকৌশল ও শক্তিমত্তার আস্ফালন ঘটাল ভারতীয় বায়ুসেনা। শুক্রবার ‘বায়ু শক্তি ২০২৬’ সামরিক মহড়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল ভারতের হাতে থাকা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ট্রায়াম্ফ, যা প্রতিরক্ষা মহলে ‘সুদর্শন চক্র’ নামেই পরিচিত। এদিন পোখরানের আকাশে দূরের এক লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করার ভিডিও প্রকাশ করে গোটা বিশ্বকে নিজেদের সক্ষমতার বার্তা দিয়েছে বায়ুসেনা।
বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় সামরিক ইতিহাসের দীর্ঘতম দূরত্বের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে নিশানা করার নতুন রেকর্ড তৈরি হলো। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে বায়ুসেনার বার্তা— “শত্রু নজর থেকে দূরে থাকতে পারে, কিন্তু আমাদের নাগালের বাইরে নয়।” এই ঘাতক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সিঁদুর অভিযানের সময়ও দেশের আকাশসীমাকে নিশ্ছিদ্র রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ভারত মূলত রাশিয়ার কাছ থেকে এই বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে। এস-৪০০ এমন এক প্রযুক্তি যা শত শত কিলোমিটার দূর থেকে আসা শত্রু বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে নিমেষের মধ্যে চিহ্নিত করে ধ্বংস করতে সক্ষম। পোখরানের এই মহড়া প্রমাণ করল যে কোনো আকাশপথের হামলা রুখতে ভারত এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও দুর্ভেদ্য। সূত্রের খবর, দেশের সীমান্ত সুরক্ষাকে আরও জোরদার করতে ভারত আরও বেশ কিছু এস-৪০০ ট্রায়াম্ফ কেনার প্রস্তুতি নিচ্ছে। পোখরানের এই সফল পরীক্ষা মূলত প্রতিরক্ষা বাহিনীর আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দুর্ভেদ্য প্রহরীর মতো ভারতের আকাশসীমা রক্ষায় এই ‘সুদর্শন চক্র’ যে অপ্রতিদ্বন্দ্বী, তা এদিন ফের প্রমাণিত হল।






