দেশ

মার্কিন সচিবের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল, নজরে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব

চুক্তির রূপরেখা চূড়ান্ত করতে আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

Truth of Bengal: ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় বসলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। বৃহস্পতিবার তিনি জানান, মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে। সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে মন্ত্রী জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং চুক্তির রূপরেখা চূড়ান্ত করতে আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় ঘোষণা করেছিলেন, যেখানে তিনি ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার প্রস্তাব দেন। সেই ঘোষণার রেশ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনার কথা জানিয়েছিলেন। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, আগামী মার্চ মাসের মধ্যেই এই চুক্তির চূড়ান্ত রূপরেখা তৈরি হয়ে যাবে। কিন্তু গত ২০ ফেব্রুয়ারি আমেরিকার সুপ্রিম কোর্টের একটি রায় এই গোটা প্রক্রিয়ায় আইনি জটিলতা তৈরি করেছে। মার্কিন শীর্ষ আদালত জানিয়েছে, জাতীয় জরুরি অবস্থার দোহাই দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে নতুন আন্তর্জাতিক শুল্কনীতি চালুর চেষ্টা করেছিলেন, তা অবৈধ। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট এককভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন না। এই রায়ের ফলে ভারত-মার্কিন চুক্তির আইনি খসড়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালতের রায়ের পর ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিভিন্ন বিদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক চাপানো হবে। তবে গত মঙ্গলবার আমেরিকার শুল্ক ও সীমান্ত রক্ষা এজেন্সি জানিয়েছে, আপাতত ১০ শতাংশ হারেই শুল্ক নেওয়া হবে।

এই টালমাটাল পরিস্থিতির মাঝেই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গোয়েলের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। বাণিজ্যমন্ত্রী মনে করছেন, উভয় দেশই এখন চুক্তির প্রথম পর্যায়ের আইনি কাঠামো চূড়ান্ত করতে সক্রিয়। প্রসঙ্গত, গত এক বছর ধরে এই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। গত বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটন সফরের পর থেকে কয়েক দফায় বৈঠক হলেও শুল্ক সংক্রান্ত বিবাদে চুক্তির খসড়া বারবার থমকে গিয়েছে।

Related Articles