দেশ

Sardar Patel: প্যাটেলের জন্মদিনে মোদির কড়া বার্তা: ‘ভারত থেকে সমস্ত অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে

গুজরাটের কেওয়াড়িয়ার স্ট্যাচু অফ ইউনিটি-র সামনে বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Truth of Bengal: স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মশতবার্ষিকী দেশ জুড়ে ‘জাতীয় একতা দিবস’ পালিত হয়। গুজরাটের কেওয়াড়িয়ার স্ট্যাচু অফ ইউনিটি-র সামনে বল্লভভাই প্যাটেলের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠিত প্যারেডে অংশগ্রহণ করে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি-র মতো কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন রাজ্যের পুলিশ।  প্যারেড ও শ্রদ্ধার্ঘ্যের সময় দেশের একতা, অখণ্ডতা ও নিরাপত্তার কথা বলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, দেশ বর্তমানে অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জের মুখে।

যারা বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ থেকে দীর্ঘ দিনে অনুপ্রবেশ করে ডেমোগ্রাফি বদলে দিতে কাজ করেছে এবং দেশীয় একতাকে প্রশ্নবিদ্ধ করেছে। মোদির কথায়, পুরনো সরকার এই সমস্যার দিকে চোখ খোলা রাখেনি এবং ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্য দেশের সুরক্ষা ঝুঁকির মুখে পড়েছিল।তিনি আরও বলেন, ‘আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি—ভারতে থাকা সমস্ত অনুপ্রবেশকারীদের বের করে দেব।’ তিনি দাবি করেন, সর্দার প্যাটেলের দেখানো পথে চলেনি সেই সময়ের সরকার। তাই কাশ্মীর সমস্যা থেকে শুরু করে উত্তরপূর্বে জটিলতা তৈরি হয়েছে। নকশালবাদ, মাওবাদ দেশের একতা ভাঙার চেষ্টা করেছে। হিংসা এবং রক্তপাত বেড়েছে।

মোদি নিজের বক্তব্যে জানান, সর্দার চেয়েছিলেন কাশ্মীরও ভারতের সঙ্গে জুড়ে যাক। কিন্তু নেহেরু তাঁর ইচ্ছের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যার ফলে কাশ্মীরকে আলাদা বিধানে ভাগ করে দেওয়া হয়। উল্লেখ্য, রাজ্যে ও কেন্দ্রীয় পর্যায়ে বর্তমানে বহু জেলায় চলছে এসআইআর। এই  প্রেক্ষাপটে প্যাটেলের ১৫০তম জন্মদিনে মোদির এই ঘোষণার রাজনৈতিক ও নিরাপত্তাগত গুরুত্ব বাড়তি মাত্রা পেয়েছে। অন্যদিকে জাতীয় একতা দিবস উপলক্ষে দিল্লিতে, জাতীয় ম্যারাথন কর্মসূচি সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম ‘রান ফর ইউনিটি’। দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে শুরু হবে এই দৌড় কর্মসূচি।

Related Articles