দেশ

Ayodhya Ram Temple: রাম মন্দিরে ঐতিহাসিক ধ্বজা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অযোধ্যা সফরের শুরুতে তিনি মাতা অন্নপূর্ণা মন্দির এবং সপ্তমন্দির পরিদর্শন করবেন।

Truth of Bengal: উত্তরপ্রদেশের অযোধ্যা সফরে শ্রী রাম জন্মভূমি মন্দির পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ঐতিহাসিক ধ্বজারোহণ অনুষ্ঠানেও অংশ নেন তিনি। এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মন্দিরের নির্মাণ কাজ সমাপ্তির সূচনা করলেন। প্রধানমন্ত্রীর অযোধ্যা সফরের শুরুতে তিনি মাতা অন্নপূর্ণা মন্দির এবং সপ্তমন্দির পরিদর্শন করেন। এই সপ্তমন্দিরগুলির মধ্যে রয়েছে মহর্ষি বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য, বাল্মীকি, দেবী অহল্যা, নিষাদরাজ গুহ এবং মাতা শবরীর মন্দির। এরপর প্রধানমন্ত্রী রাম দরবার গর্ভগৃহে এবং রাম লালা গর্ভগৃহে পুজো ও দর্শন করেন। সেই সঙ্গে এদিন তিনি ধ্বজাও উত্তলন করলেন।

বেলা বারোটা নাগাদ শ্রী মোদী শ্রী রাম জন্মভূমি মন্দিরের শিখরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করেন। এই ধ্বজা উত্তোলনকে সাংস্কৃতিক উদযাপন এবং জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। ঐতিহাসিক এই ধ্বজাটি দশ ফুট উচ্চতা এবং বিশ ফুট দৈর্ঘ্যের সমকোণী ত্রিভুজাকার আকৃতির। পতাকাটিতে ভগবান শ্রী রামের তেজ ও বীরত্বের প্রতীক হিসেবে একটি উজ্জ্বল সূর্যের প্রতিচ্ছবি রয়েছে। এই সূর্যের প্রতিচ্ছবির উপর কোভিদার গাছের প্রতিচ্ছবির সাথে একটি ‘ওঁ’ খোদাই করা আছে।

এই ঐতিহাসিক ধ্বজারোহণ অনুষ্ঠানটি মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের শুভ পঞ্চমীতে অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় দিক থেকে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এটি শ্রী রামের অভিজিৎ মুহুর্ত এবং মা সীতার বিবাহ পঞ্চমীর সঙ্গে মিলে যাচ্ছে। এছাড়াও, আজকের তারিখটি নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুর জি-এর শহীদ দিবস হিসেবেও চিহ্নিত। সপ্তদশ শতকে গুরু তেগ বাহাদুর জি ৪৮ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে অযোধ্যায় ধ্যান করেছিলেন।

Related Articles