রাজস্থানে বড়সড় ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত সবরমতী-আগ্রা সুপারফাস্ট
Major train accident in Rajasthan

The Truth of Bengal: রবিবার মধ্যরাতে ভয়াবহ রেলদুর্ঘটনা রাজস্থানে। লাইনচ্যুত হয়ে পড়ে সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের ইঞ্জিন ও চারটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনায় আহত একাধিক যাত্রী। যাত্রীদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কিভাবে দুর্ঘটনা জানতে শুরু হয়েছে তদন্ত। ফের ভয়ঙ্কর রেলদুর্ঘটনা রাজস্থানে। রবিবার মধ্যরাতে লাইনচ্যুত হয়ে পড়ে সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস।
ট্রেনের ইঞ্জিন ও চারটি কামরা লাইন থেকে দূরে ছিটকে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে আহত হয়েছেন একাধিক যাত্রী। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, রাত একটা নাগাদ সবরমতি-আগ্রা সুপারফাস্ট ট্রেনের ইঞ্জিন ও চারটি কোচ রাজস্থানের আজমেরের কাছে মাদার রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়। তবে এই দুর্ঘটনার অভিঘাত প্রচন্ড বেশি ছিল বলেই জানাচ্ছেন ট্রেনে থাকা যাত্রীরা। যাত্রী সূত্রে আরও খবর, গভীর রাতে দুর্ঘটনাটি হওয়ায় বেশিরভাগ যাত্রীরা সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন।
আচমকা প্রবল ঝাঁকুনি এবং বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাদের। একে অপরের উপরে ছিটকে পড়েন তাঁরা। অনেকের মাথা ফেটে যায়, হাতে পায়েও চোট পান অনেক যাত্রী। দুর্ঘটনার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে আসেন আরপিএফ, জিআরপি। অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ রেলের অন্যান্য শীর্ষকর্তারাও দুর্ঘটনাস্থলে পৌঁছন। এরপর যুদ্ধকালীন তত্পরতায় যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কিভাবে এই বড়সড় দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত ।






