দেশ

ভোটের প্রচারে হাতিয়ার মহিলা সংরক্ষণ

In campaigning votes for Women's reservation Bill

The Truth of Bengal: সংসদের বিশেষ অধিবেশনে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, ২৪-এর লোকসভা নির্বাচনের আগে মোদি সরকার এই বিল পাশ করিয়ে নির্বাচনী চমক দিতে চাইছে। কেন্দ্র অবশ্য এই অভিযোগ মানতে নারাজ।বিরোধীদের অভিযোগ অস্বীকার করলেও কার্যত দেখা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে মহিলা সংরক্ষণকে হাতিয়ার করতে মাঠে নামছে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই মহিলা সংরক্ষণ বিল পাশের একক কৃতিত্বের দাবিদার হিসেবে বিজেপি আসরে নামার তোড়জোড় করছে।

যদিও এর আগে কংগ্রেস, যুক্তফ্রন্ট এবং ইউপিএ সরকার সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর চেষ্টা চালিয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে দেশজুড়ে মহিলা সংরক্ষণ আইন নিয়ে শীঘ্রই প্রচারে নামবে বিজেপি। বাংলাতেও একইভাবে মহিলা সংরক্ষণ আইন নিয়ে জোর প্রচারে নামতে চলেছে বিজেপি। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, মহিলা সংরক্ষণ বিল পাশের কৃতিত্ব দাবি করে বাংলায় ২২টি জেলায়  টানা প্রায় দুমাস উতসব পালন করবে বিজেপি।

সংসদের উভয়কক্ষে মহিলা সংরক্ষণ বিল পাশের পরে দিল্লিতে বিজেপির সদর দফতরে মহিলা সংরক্ষণ আইন উদযাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, গত ৩০ বছর ধরে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ততপর বিজেপি।মহিলা সংরক্ষণ বিল সংসদের উভয়কক্ষে পাশ হয়ে গেলেও ২০২৯ সালের আগে মহিলা সংরক্ষণ আইন কার্যকর হওয়ার কোনও সম্ভাবনা নেই।

Related Articles