ফের চলন্ত বাসে আগুন! উত্তরপ্রদেশে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩৯ যাত্রী
রবিবার ভোর পৌনে ৫টা নাগাদ কাকোরী থানা এলাকার খেওরী টোলপ্লাজার কাছে সেই বাসে ভয়াবহ আগুন লাগে।
Truth Of Bengal: দিওয়ালির পর অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের যাত্রীবোঝাই বাসে অগ্নিকাণ্ড। এ বার ঘটনাস্থল উত্তরপ্রদেশের লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে। শনিবার গভীর রাতে দিল্লি থেকে গোণ্ডার উদ্দেশে রওনা দিয়েছিল একটি দোতলা এসি বাস। রবিবার ভোর পৌনে ৫টা নাগাদ কাকোরী থানা এলাকার খেওরী টোলপ্লাজার কাছে সেই বাসে ভয়াবহ আগুন লাগে।
সূত্রের খবর, টোলপ্লাজা পেরিয়ে প্রায় ৫০০ মিটার এগোনোর পর বাসের পিছনের চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখে সতর্ক হন চালক। তৎক্ষণাৎ তিনি বাসটিকে রাস্তার ধারে থামিয়ে যাত্রীদের নেমে যেতে বলেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন, তবে চালকের উপস্থিত বুদ্ধির জেরে ৩৯ জন যাত্রীই নিরাপদে বেরিয়ে আসেন।
বাস চালকের তৎপরতার জেরে কোন প্রাণহানি হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাকোরী থানার পুলিশ ও দমকল বাহিনী। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, মাত্র দু’দিন আগেই অন্ধ্রপ্রদেশের কুর্নুলে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু হয়েছিল। বাইকের সঙ্গে সংঘর্ষের পর শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় বাসে। দরজা স্বয়ংক্রিয়ভাবে আটকে যাওয়ায় বেরোনোর সুযোগ পাননি যাত্রীরা।কুর্নুলের সেই মর্মান্তিক ঘটনার পর ফের এমন অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে। তবে চালকের দ্রুত তৎপরতায় উত্তরপ্রদেশে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ। বারবার কেন চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।






