মুর্শিদাবাদে সীমান্তে ১০ কোটি টাকার হেরোইন উদ্ধার, পাচার চক্র ফাঁস
উদ্ধার হয় মোট ৭টি বাদামি রঙের কার্টন
Truth Of Bengal: শনিবার রাতের অন্ধকারে মুর্শিদাবাদের লালগোলায় (Murshidabad) ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় চেষ্টা চলছিল সীমান্ত দিয়ে মাদক পাচারের। তবে অভিযান চালিয়ে তা ব্যর্থ করে সীমান্তরক্ষী বাহিনী এবং উদ্ধার হয় বিপুল পরিমাণের মাদক। বাজারে তার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে অনুমান করছে বিএসএফ। গোটা বিষয়টিকে এই মুহূর্তে এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্থা’, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাদেশেও
জানা গিয়েছে, শনিবার রাতে সীমান্ত এলাকার একাংশের ঝোপ নড়তে দেখতে পান জওয়ানরা। তা দেখেই সন্দেহ হয় তাঁদের এবং এলাকায় চালানো হয় অভিযান। ঝোপের মধ্যে লুকিয়েছিল কয়েকজন পাচারকারী। তবে শেষ পর্যন্ত জওয়ানদের দেখে তারা পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে অবশেষে উদ্ধার হয় মোট ৭টি বাদামি রঙের কার্টন এবং তা খুলে সবকটি থেকে পাওয়া যায় হেরোইনের প্যাকেট। (Murshidabad)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উদ্ধার হওয়া হেরোইনের সংখ্যা ৪ কেজি ৩৪০ গ্রাম বলে খবর। আনুমানিক ১০ কোটি টাকা সেগুলির বাজারদর। বিএসএফের তরফ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সেগুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। তবে তার আগেই সবকিছু ভেস্তে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে পাচারকারীদের খোঁজে। বিএসএফ সূত্রে জানানো হয়েছে যে আরও জোরদার হবে নজরদারি সীমান্ত এলাকায়। (Murshidabad)





