দেশ

Bihar Voters: ভোটার তালিকায় বড়সড় কাটছাঁট! বিহারে চূড়ান্ত তালিকা থেকে বাদ ৪৮ লক্ষ নাম

চূড়ান্ত তালিকা প্রকাশ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, গত ২৪ জুন বিহারে মোট ভোটারের সংখ্যা ছিল ৭.৮৯ কোটি।

Truth of Bengal: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশন (ECI) মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল। এই চূড়ান্ত তালিকায় মোট ৪৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানিয়েছে কমিশন। তবে, খসড়া তালিকা প্রকাশের পর বিভিন্ন আবেদন পর্যালোচনা করে ২১.৫৩ লক্ষ নতুন নাম যোগ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, গত ২৪ জুন বিহারে মোট ভোটারের সংখ্যা ছিল ৭.৮৯ কোটি। এরপর গত ১ আগস্ট খসড়া তালিকা প্রকাশিত হলে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৭.২৪ কোটিতে। পরবর্তীতে আরও ৩.৬৬ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার পর, বিভিন্ন দাবি ও অভিযোগ খতিয়ে দেখে ২১.৫৩ লক্ষ নতুন নাম যোগ করা হয়। এদিন প্রকাশিত চূড়ান্ত তালিকায় বিহারের মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭.৪২ কোটি (Bihar Voters)।

রাজনীতির কারবারিরা মনে করছেন, চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ায় এবার খুব শীঘ্রই বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের কাছ থেকে দাবি ও আপত্তি জানানোর জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এর আগে খসড়া তালিকায় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। অর্থাৎ, দাবি ও অভিযোগগুলি পর্যালোচনা করার পর প্রায় ১৭ লক্ষ (২১.৫৩ লক্ষ যোগ, কিন্তু আরও ৩.৬৬ লক্ষ নাম বাদ দেওয়ায় মোট বাদ পড়া নামের সংখ্যা কমেছে) ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে (Bihar Voters)।

সংবাদসংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, আগামী এক সপ্তাহের মধ্যেই নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। রাজ্যের অন্যতম বড় উৎসব ছট পুজোর (২৫ থেকে ২৮ অক্টোবর) পরই প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে পারে। অনুমান করা হচ্ছে, অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রথম দফার নির্বাচন হতে পারে (Bihar Voters)।

Related Articles