বিনোদন

‘এটা নতুন হিন্দুস্তান’, ‘ধুরন্ধর ২’-এর প্রথম ঝলকেই বাজিমাত রণবীরের

ঝলক জুড়ে মূলত রণবীর সিংহই নজর কেড়েছেন।

Truth Of Bengal: ‘ধুরন্ধর’ মুক্তির পর একের পর এক রেকর্ড গড়ে বক্স অফিসে ঝড় তুলেছিল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, সেই সাফল্যের ধারা কি বজায় রাখতে পারবে ‘ধুরন্ধর ২’? দর্শকদের সেই কৌতূহলের মধ্যেই প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় পর্বের প্রথম ঝলক। ঝলক দেখেই স্পষ্ট—এ বার গল্পে বইবে প্রতিশোধের প্রবল ঝড়, আর তার কেন্দ্রে থাকবেন রণবীর সিংহ।

প্রথম ঝলকের শেষ দৃশ্যে ফিরেছে ‘ধুরন্ধর’-এর সেই আলোচিত সংলাপ—“এ নতুন হিন্দুস্তান। এ ঘরে ঢুকে মারতেও পারে।” লম্বা চুল, পেশিবহুল শরীর, ধারালো চোখ আর হাতে বন্দুক—এই রূপেই দেখা যায় রণবীরকে। ‘ধুরন্ধর ২’-এ তাঁর চরিত্র হামজ়ার আরও গভীর ও ভয়ংকর হয়ে ওঠার দিকটি তুলে ধরা হয়েছে। দর্শকদের মতে, দ্বিতীয় ছবির তীব্রতা প্রথম পর্বের তুলনায় অনেক বেশি।

ঝলক জুড়ে মূলত রণবীর সিংহই নজর কেড়েছেন। প্রথম ছবির ঝলক মুক্তির পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সেখানে কেন রণবীরকে তুলনামূলক কম দেখানো হয়েছিল। দ্বিতীয় পর্বে সেই আক্ষেপ মিটেছে বলেই মনে করছেন দর্শকরা। এখানে শুধুই হামজ়ার প্রতিশোধের গল্প উঠে এসেছে। প্রথম ছবিতে রেহমান বালোচের দলে লুকিয়ে থাকা গুপ্তচর হিসেবে হামজ়ার পরিচয় তৈরি হয়েছিল। দ্বিতীয় ছবিতে সেই চরিত্রই মূল কেন্দ্রবিন্দুতে।

এই কারণেই কি ঝলকে অন্য চরিত্রদের খুব বেশি দেখা যায়নি—এমনটাই অনুমান দর্শকদের একাংশের। যদিও ক্ষণিকের জন্য অর্জুন রামপাল, আর মাধবন ও সঞ্জয় দত্তকে দেখা গেছে। জানা যাচ্ছে, এ বার আইএসআই প্রধানের চরিত্রে থাকা অর্জুন রামপালের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দেখা যাবে হামজ়াকে। ছবিতে মাধবনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। পাশাপাশি ফ্ল্যাশব্যাক দৃশ্যে ফিরিয়ে আনা হবে অক্ষয় খন্নাকেও।

‘ধুরন্ধর’-এর মতোই ‘ধুরন্ধর ২’-এর আবহ সঙ্গীতও দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে। উত্তেজনা, রহস্য আর প্রতিশোধের আবহ ঝলক জুড়ে স্পষ্ট। উল্লেখ্য, প্রথম ছবি মুক্তি পেয়েছিল ডিসেম্বরে এবং বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য পেয়েছিল। সম্প্রতি সেটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে। এবার দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে দিন গুনছেন দর্শকরা। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’।