হাসপাতালের বিছানায় শুয়েই খুদেকে বুকে আগলে সোনম! দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ্যে
সামাজিক মাধ্যমে এই ছবি প্রকাশ্যে আসতেই সোনম অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে।
Truth of Bengal: হাসপাতালের বিছানায় শুয়ে সোনম কপূর। হাতে বিঁধে রয়েছে স্যালাইনের সুচ, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই তাঁর। পরম শান্তিতে বুকে জড়িয়ে রয়েছেন সদ্যোজাতকে। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেয়ে অভিনেত্রী যে কতটা অভিভূত, তা ধরা পড়ল তাঁর স্বামী আনন্দ অহুজার তোলা একটি ছবিতে। সামাজিক মাধ্যমে এই ছবি প্রকাশ্যে আসতেই সোনম অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে।
সাধারণত দেখা যায়, টলিউড বা বলিউডের অভিনেত্রীরা সন্তান হওয়ার পরপরই লোকচক্ষু এবং ক্যামেরা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন। ক্যাটরিনা কইফ কিংবা আলিয়া ভাট— উভয়ের ক্ষেত্রেই মা হওয়ার পর বিরতি নিতে দেখা গিয়েছিল। এমনকি প্রথম সন্তান বায়ুর জন্মের সময়ও সোনম অনেকটা রাখঢাক বজায় রেখেছিলেন। তবে দ্বিতীয় সন্তানের বেলায় তিনি যেন অনেকটাই সাবলীল। নিজের জীবনের এই বিশেষ মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দ্বিধা করেননি তিনি। ছবির পাশাপাশি সঠিক পরিষেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন আনন্দ ও সোনম।
View this post on Instagram
বড় ছেলে বায়ুর বয়স হয়েছে এখন দুই বছর। সোনমের পরিবারের পক্ষ থেকে বায়ুর বিভিন্ন ছবি মাঝেমধ্যেই সামনে আনা হয়, তবে কৌশলে ঢেকে রাখা হয় তার মুখ। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কি কপূর ও অহুজা পরিবার একই গোপনীয়তা বজায় রাখবে? এমন প্রশ্ন ইতিমধেই উঠতে শুরু করেছে। কারণ, দাদু অনিল কপূর কিংবা মাসি রিয়া কপূর নতুন সদস্যের যে ঝলক সমাজমাধ্যমে শেয়ার করেছেন, সেখানেও খুদের মুখ আড়ালেই রাখা হয়েছে।
গত ২৯ মার্চ রাতে সোনম ও আনন্দ নিজেদের দ্বিতীয় পুত্রসন্তানের আগমনের খবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন। আনন্দের শেয়ার করা পোস্টে জানানো হয়, বাড়িতে নতুন সদস্য আসায় বড় দাদা হিসেবে বায়ুও অত্যন্ত খুশি। মা এবং নবজাতক দুজনেই বর্তমানে সুস্থ আছেন। কেরিয়ারের গ্ল্যামার দুনিয়া থেকে কিছুটা দূরে সরে আপাতত দুই সন্তানকে আগলে রাখাই সোনমের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।






