বিনোদন

রাহুলের প্রয়াণে প্রযোজক সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রিয়াঙ্কার, কী সিদ্ধান্ত নিল আর্টিস্ট ফোরাম?

এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছেন এবং জানা যাচ্ছে, এবার সরাসরি আইনি লড়াইয়ের পথে হাঁটছেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য। গত রবিবার বিকেলে তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যান তিনি। এই মর্মান্তিক ঘটনার ২৪ ঘণ্টা পেরোতেই ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও আর্থিক ক্ষতিপূরণের দাবি তুললেও, গত তিন দিনে ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাহুলের এই অকালমৃত্যু টলিপাড়ার শুটিংকালীন নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মবিধিকে ফের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ইন্ডাস্ট্রির সিংহভাগ তারকা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হয়েছেন এবং জানা যাচ্ছে, এবার সরাসরি আইনি লড়াইয়ের পথে হাঁটছেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

রাহুলের মৃত্যুর পর গত ৭২ ঘণ্টায় ব্যাপক শোরগোল পড়লেও ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এখনও পর্যন্ত নীরবতা বজায় রেখেছে। এই নীরবতা নিয়ে ক্ষোভ বাড়ছে স্টুডিওপাড়ায়। এমনকি এই সংস্থার অধীনে অতীতে ঘটা অন্যান্য শিল্পীমৃত্যুর প্রসঙ্গও নতুন করে উঠে আসছে, যা শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। সূত্রের খবর, বুধবার বেলা তিনটে নাগাদ গলফ গ্রিন থানায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। পাশাপাশি দক্ষিণ কলকাতার অন্য একটি থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও পৃথকভাবে অভিযোগ দায়ের করার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিকভাবে টেকনিশিয়ান স্টুডিওতে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়। এরপর মঙ্গলবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি ঘরোয়া আলোচনার কথা শোনা গেলেও তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে বুধবার জানা গিয়েছে, ইন্ডাস্ট্রির প্রবীণ অভিভাবক রঞ্জিত মল্লিকের বাসভবনে আর্টিস্ট ফোরামের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রিয়াঙ্কা সরকার স্বয়ং উপস্থিত ছিলেন এবং সকলের সম্মতিক্রমে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে এফআইআর দায়ের করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। টলিপাড়ার অন্দরমহলের খবর, যদি আগামী দিনে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সন্তোষজনক উত্তর বা পদক্ষেপ না মেলে, তবে বৃহত্তর আন্দোলনের স্বার্থে কর্মবিরতির ডাক দেওয়া হতে পারে।