ফের আইনি জটিলতায় নোবেল! হেনস্তার অভিযোগে গ্রেফতার হলেন গায়ক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ১৩ আগস্ট এক তরুণী অভিযোগ করেন, নোবেল তাঁকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা করেন এবং আপত্তিকর ছবি তোলেন।
Truth Of Bengal: রিয়্যালিটি শো থেকে পরিচিতি পাওয়া বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল আবারও গ্রেফতার হলেন। এক তরুণীকে হেনস্তার অভিযোগে তাঁর বিরুদ্ধে আগেই মামলা দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই পুলিশ এবার তাঁকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ১৩ আগস্ট এক তরুণী অভিযোগ করেন, নোবেল তাঁকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা করেন এবং আপত্তিকর ছবি তোলেন। এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সোমবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে ডেমরা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে আদালতে তোলা হয় গায়ককে।
-
বাফটা ২০২৬-এ ইতিহাস গড়ল মণিপুরী ছবি ‘Boong’February 23, 2026
এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন নোবেল। নারী সংক্রান্ত অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, এমনকি স্ত্রীকে মারধরের মতো গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়েও তিনি সংবাদ শিরোনামে ছিলেন। তাঁর প্রাক্তন স্ত্রীরাও শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন।
২০২৩ সালে একটি অনুষ্ঠানে গান গাইতে না গিয়েও অগ্রিম টাকা নেওয়ার অভিযোগে মতিঝিল থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলায়ও তাঁকে গ্রেফতার করা হয়েছিল, যদিও পরে জামিনে মুক্তি পান।
এছাড়া সামাজিক মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন নোবেল। সংগীতশিল্পী জেমসকে নিয়েও আপত্তিকর পোস্ট করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
একসময় গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও, সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্ক ও আইনি জটিলতায় জড়িয়ে পড়ছেন নোবেল। এই নতুন মামলার পর তাঁর ভবিষ্যৎ কী হয়, তা নিয়েই এখন জল্পনা।


