তিলোত্তমায় সিএনজিচালিত যানবাহন চলাচলে জোর পরিবহণমন্ত্রীর
Transport Minister insists on CNG-powered vehicles in Tilottama

The Truth Of Bengal: শহরে দূষণের মাত্রা কমাতে আগেই সিএনজিচালিত গাড়ির ব্যবহার বাড়ানোর কথা বলেছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। সোমবার রাজ্যের পরিবহণ দফতরের তরফে একটি বৈঠক ডাকা হয়। দফতরের তাঁবুতে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাপ ক্যাব ট্যাক্সি সংগঠনের অনেকে। উক্ত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী জানান, কলকাতায় সরকারি, বেসরকারি বাস এবং গাড়ির প্রয়োজন মেটাতে দৈনিক ৫১ টন পর্যন্ত সিএনজি সরবরাহের চাহিদা রয়েছে।
এর মধ্যে বর্তমানে সড়কপথে দুর্গাপুর থেকে দৈনিক মাত্র ১৬ টন গ্যাস আনা সম্ভব হয়। পাশাপাশি, দুর্গাপুরে পাইপলাইনে কাজ চলার কারণে গ্যাস সরবরাহকারী ওই কারখানার কাজও প্রায় থমকে গেছিল। গ্যাসের সরবরাহকারী সংস্থা আগামী দু’মাসের মধ্যে পাইপলাইনে কলকাতা পর্যন্ত সিএনজি পৌঁছে দেওয়ার বিষয়ে আশাবাদী। অপরদিকে, এদিন একাধিক অভিযোগও উঠে আসে অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড’ এবং এআইটিইউসি-র অ্যাপ-ক্যাব সংগঠনের তরফে। অভিযোগ অনুযায়ী, ভিএলটিডি যন্ত্রের জন্য বছরে তিন হাজার টাকা করে গুনতে হচ্ছে।
অথচ, সেটি কারও কাজে আসছে না। সিটু এবং এআইটিইউসি-র অ্যাপ-ক্যাব সংগঠন অভিযোগ করে, ছোটখাটো অভিযোগে চালকদের আইডি ব্লক করে ক্যাব সংস্থাগুলি তাঁদের ভাড়া পাওয়া থেকে বঞ্চিত করছে। সিটুর সংগঠনের নেতা ইন্দ্রজিৎ ঘোষ এই সমস্যা নিয়ে সরব হন। প্রসঙ্গত, এর আগেও সিএনজিচালিত গাড়ি চলাচলের ক্ষেত্রে জোর দিয়েছিলেন পরিবহণমন্ত্রী আর এবারেও সেই পথেই হাঁটলেন স্নেহাশিষ চক্রবর্তী।






