Lok Sabha Election 2024: শুধু ভোটের সময় দেখা যায় ! বিজেপি প্রার্থীর নামে অভিযোগ এলাকাবাসীর
Lok Sabha Election 2024: Can only be seen during voting! Complaints of local people in the name of BJP candidate

The Truth Of Bengal : ধূপগুড়ি : শুক্রবার সাত সকালেই ভোট প্রচার করতে দেখা গেল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্ত কুমার রায়কে। শুক্রবার সকালেই তিনি চলে আসেন উত্তরবঙ্গের বৃহত্তম মার্কেট ধূপগুড়ি সুপারমার্কেট চত্বরে। সেখানে মার্কেটে আসা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ও হাত মেলান। এরপর ধূপগুড়ির মায়ের থান মন্দিরে পুজো দেন তিনি। সুপার মার্কেট থেকে প্রচার সেরে বেরিয়ে যাওয়ার সময় মার্কেটে আসা তহিবর রহমান নামে একজন সবজি বিক্রেতা বলেন, “ভোটের আগে এসেছিলেন দেখেছিলাম এরপর আর দেখিনি, আজকে দেখলাম এরপর আরো পাঁচ বছর পর হয়তো দেখবো।” সাংসদ হবার পর পাঁচ বছর সাংসদ তথা বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্ত কুমার রায়কে আর এলাকায় দেখা যায়নি বলেই দাবি সুপার মার্কেটে আসা কয়েকজনের।
শুক্রবার ধূপগুড়ি শহরে জনসংযোগও সারেন বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্ত কুমার রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জেতার ব্যাপারে তিনি আশাবাদী গতবারের তুলনায় মার্জিন বেশি হবে বলেও দাবি করেন তিনি। এদিন প্রার্থীর সাথে ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায়, বিজেপি নেতা কমলেশ সিংহ রায়, চন্দন দত্ত, মাধব রায় সহ অনেকে। তিনি ধূপগুড়ি থেকে ঠাকুরপাঠ,শালবাড়ি, ডাউকিমারি, কালিরহাট সহ বিভিন্ন এলাকায় প্রচার চালাবেন বলে জানা গেছে।






