কেজরিওয়ালের বিতর্কিত ‘শিশমহল’ এবার জনতার দরবারে! ৩০ লক্ষের টিভি, ১১ লক্ষের ঝাড়বাতি, কী কী রয়েছে প্রাসাদে?
আগামী সপ্তাহ থেকেই সাধারণ নাগরিকরাও ভিতরে ঢুকে প্রাসাদোপম এই বাড়ি দেখার সুযোগ পাবেন
Truth of Bengal: অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শিশমহল’। শুক্রবার সাংবাদিকদের এই বিলাসবহুল বাংলো ঘুরিয়ে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লির বিজেপি সরকার। আগামী সপ্তাহ থেকেই সাধারণ নাগরিকরাও ভিতরে ঢুকে প্রাসাদোপম এই বাড়ি দেখার সুযোগ পাবেন। আর সেই বাড়ির অন্দরসজ্জা দেখেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোথাও ৩০ লক্ষ টাকার টিভি ইউনিট, কোথাও ১১.৫৬ লক্ষ টাকার ঝাড়বাতি, আবার রয়েছে লক্ষাধিক টাকার সোফা এবং কয়েক লক্ষ টাকা ব্যয়ে তৈরি মন্দির। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের কথা বলা কেজরিওয়াল নিজের সরকারি বাসভবন সাজাতেই বিপুল অর্থ খরচ করেছেন।
দিল্লির মন্ত্রী প্রবেশ বর্মার দাবি, কেজরিওয়াল একসময় সরকারি গাড়ি ও সরকারি বাসভবন ব্যবহার করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ শেষ পর্যন্ত তাঁর বাসভবনের পিছনে বিপুল পরিমাণ সরকারি অর্থ খরচ হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রবেশ বলেন, জনগণের টাকা কীভাবে অপচয় করা হয়েছে, সেটাই মানুষকে দেখাতে চান তাঁরা। সূত্রের খবর, বাংলোর বিভিন্ন আসবাব ও সাজসজ্জার সামগ্রীর পাশে তার দামও লিখে রাখা হয়েছে। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি কেন্দ্রে কেজরিওয়ালকে হারিয়েছিলেন প্রবেশ বর্মা। তাঁর অভিযোগ, করোনা অতিমারির ভয়াবহ পরিস্থিতির মধ্যেই এই বিলাসবহুল বাসভবন তৈরির কাজ চলেছিল।
সাংবাদিকদের বাড়িটি ঘুরিয়ে দেখানোর সময় কেজরিওয়ালের ব্যবহৃত একটি বিশেষ ঘরের দিকেও নজর কাড়েন বিজেপি মন্ত্রী। সেটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফেসবুক লাইভ করার ঘর। সেখানে রয়েছে একটি কাঠের চেয়ার, যার আসনের একাংশ ছেঁড়া। ঘরের বাকি সাজসজ্জাও বেশ সাধারণ। প্রবেশের কটাক্ষ, এই ঘর থেকেই ফেসবুক লাইভ করে সাধারণ জীবনযাপনের ছবি তুলে ধরতেন কেজরিওয়াল। অথচ বাড়ির অন্য অংশে ছিল বিলাসিতার বিপুল আয়োজন। আটটি শোওয়ার ঘর, ১২টি শৌচাগার, স্পা সেন্টার, দামি কার্পেট এবং পাঁচটি ওএলইডি টিভি-সহ একাধিক আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে বাংলোয়।তবে বিজেপির এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা আক্রমণ করেছে আম আদমি পার্টি। আপের দাবি, যমুনা নদীর দূষণ নিয়ে সরকারের ব্যর্থতা থেকে মানুষের নজর ঘোরাতেই ‘শিশমহল’ নিয়ে এত প্রচার। আপ নেতা সৌরভ ভরদ্বাজের বক্তব্য, যমুনার দূষণ নিয়ে প্রশ্নের জবাব সরকারকে দিতেই হবে।
এদিকে দিল্লি বিধানসভায় পেশ করা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলো সংস্কারে তৎকালীন আপ সরকার মোট ৩৩.৬৬ কোটি টাকা খরচ করেছিল। যা নির্ধারিত ব্যয়ের তুলনায় ৩৪২ শতাংশ বেশি। এর মধ্যে শুধুমাত্র বাড়ির অন্দরসজ্জার পিছনেই ব্যয় হয়েছিল ১৮.৮৮ কোটি টাকা। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে দিল্লির ৬, ফ্ল্যাগশিপ রোডের এই বাংলোয় থাকতেন কেজরিওয়াল। আবগারি মামলার জেরে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর ২০২৪ সালের অক্টোবরে বাড়িটি খালি করেন তিনি। আট একর জমির উপর বিস্তৃত এই বাংলোর সংস্কার ও জমি অধিগ্রহণ ঘিরেও একাধিক অনিয়মের অভিযোগ তুলেছিল বিজেপি। এবার সেই বিতর্কিত বাসভবনের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দিয়ে রাজনৈতিক লড়াইকে নতুন মাত্রা দিল দিল্লির বিজেপি সরকার।






