কলকাতা হাই কোর্টের ইতিহাসে প্রথম! পোর্ট ব্লেয়ারে টানা চার দিন বসবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
এই সিদ্ধান্তকে কলকাতা হাই কোর্টের বিচারব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে
Truth of Bengal: দেশের প্রাচীনতম হাই কোর্ট কলকাতা হাই কোর্টের ইতিহাসে এবার যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। স্বাধীনতার পর এই প্রথম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে বসতে চলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন সেখানে মামলার শুনানি করবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এই সিদ্ধান্তকে কলকাতা হাই কোর্টের বিচারব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের সঙ্গে এই ডিভিশন বেঞ্চে থাকবেন বিচারপতি কৃষ্ণ রাও। উল্লেখযোগ্য বিষয় হল, বিচারপতি কৃষ্ণ রাও নিজেও আন্দামানের বাসিন্দা। যদিও বিচারবিভাগীয় দায়িত্ব পালনের জন্য বর্তমানে তিনি কলকাতায় থাকেন। এবার নিজের জন্মভূমির সার্কিট বেঞ্চেই প্রধান বিচারপতির সঙ্গে বিচারকার্যে অংশ নেবেন তিনি।
উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের অধীনে বর্তমানে তিনটি ক্যাম্পাস রয়েছে। কলকাতায় রয়েছে মূল বেঞ্চ। পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে রয়েছে দুটি সার্কিট বেঞ্চ। পোর্ট ব্লেয়ারে সার্কিট বেঞ্চের কাজ শুরু হয়েছিল ১৯৫৩ সালে। অন্যদিকে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চালু হয় ২০১৯ সালে। এত বছর ধরে পোর্ট ব্লেয়ারে বিচারবিভাগীয় কাজ চললেও স্বাধীনতার পর সেখানে কখনও প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বসেনি। এর আগে কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুজয় পাল কয়েক দিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চের দায়িত্ব সামলেছিলেন। এবার সেই ধারাতেই আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছেন বর্তমান প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। তবে পোর্ট ব্লেয়ারে টানা চার দিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের শুনানি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইনজীবী মহল।
অন্যদিকে, দায়িত্ব নেওয়ার পর থেকেই কলকাতা হাই কোর্টের কর্মসংস্কৃতিতে পরিবর্তন আনার চেষ্টা করছেন নতুন প্রধান বিচারপতি। আদালতের কাজে নিয়মশৃঙ্খলা বজায় রাখা এবং অকারণে ছুটি নেওয়ার প্রবণতা কমাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছেন তিনি। এবার পোর্ট ব্লেয়ারে নিজে উপস্থিত থেকে ডিভিশন বেঞ্চ পরিচালনার সিদ্ধান্তও সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।






